সিলেটে 'ই-বার গরুর টান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ই-বার কোরবানির বাজারও গরুর টান পরব। ই-কারণে দামও ই-বার বেশি।’
পশুর হাটের খবর জানতে চাওয়ায় এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন সিলেট শহরের সবচেয়ে বড় পশুর হাট কাজীর বাজারের ব্যবসায়ী আজমল আলী। তাঁর মতে, এবার ভারত থেকে গরু আমদানি না হওয়ায় দেশি গরুই ভরসা। ফলে চাহিদার বিপরীতে জোগান দেওয়া সম্ভব হবে না। দামও থাকবে চড়া।
সিলেট সিটি করপোরেশন সূত্র জানায়, প্রতিবছর কাজীর বাজারসহ শহরে কোরবানির পশুর হাট দেওয়া হয় দুটি। এবার একটি বাড়িয়ে তিনটি করা হয়েছে। বাকি দুটি হাট হচ্ছে মাছিমপুর এলাকার কয়েদির মাঠ ও কদমতলী পশুর হাট। এই তিনটির বাইরে অন্য কোনো হাটে পশু কেনাবেচা হবে অবৈধ।
কাজীর বাজারে সাধারণত বুধ ও শুক্রবার হাট বসে। ঈদুল আজহা এলেই নিয়মিত হাট বসে এখানে। এবার গত সোমবার থেকে নিয়মিত হাট বসছে। বুধবার কাজীরবাজারে গিয়ে দেখা যায়, কয়েকজন পাইকার গরু নিয়ে বসে আছেন। বেলা দুইটার পর কিছু গরু আসে। তবে হাটে গুরুর সংখ্যা খুবই কম। গত বছর এমন সময়ে হাটে যে পরিমাণ গরু এসেছিল এবার তার প্রায় অর্ধেক। ক্রেতাদেরও তেমন ভিড় নেই। তবে ব্যবসায়ীরা প্রস্তুতি নিচ্ছেন। বেলা তিনটার দিকে কয়েকটি ট্রাকে করে আরও কিছু গরু আসে। একেকটি ট্রাকে ২০-২২টি গরু। এগুলো চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে আনা হয়েছে।
কাজীর বাজার পশুর হাটে প্রায় দুই ঘণ্টা অবস্থানকালে সাতজন কারবারি ও তিনজন ক্রেতার সঙ্গে কথা হয়। ব্যবসায়ী আজমল আলী বলেন, তিনি গত বছর ভারত থেকে গরু এনে ব্যবসা করেছেন। এবার গরু আমদানি বন্ধ থাকার পরও সম্প্রতি বেনাপোল স্থলবন্দর ঘুরে এসেছেন। কারবারি বোরহান উদ্দিন বলেন, ‘সিলেটে ই-বার গরু শট, অতিসত্বর কাস্টমস খুলে দেওয়া হোক। নাইলে গরুর কাস্টমার হক্কলতরে কি লা বুঝ দিতাম বুঝলাম না!’
গরুর দাম চড়া হওয়ায় ক্রেতাদের দাম বলতে দ্বিধায় ভুগছেন বলে জানালেন কারবারি বাবুল মিয়া। তিনি বলেন, গত বছর যে গরু ৬০-৬৫ হাজারে বিক্রি হয়েছে, এবার সেই গরু ৮৫-৯০ হাজার টাকায় বিক্রি করতে হচ্ছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ‘দেশি গরু দিয়ে কোরবানি পশুর চাহিদা মেটানো সম্ভব—এমন একটি পর্যবেক্ষণ ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি। গবাদিপশুর মজুত থেকে কোরবানির পশুর সংকট কাটানো হবে।’