সিলেটে ‘উদ্ভট’ চিকিৎসার রমরমা ব্যবসা!
‘স্বামী-স্ত্রীর অমিল, অবাধ্যকে বাধ্য করা ও জাদুটোনা ফেরানোসহ বিভিন্ন প্রকার তদবির করা হয়...’ সিলেট নগরের অভিজাত আবাসিক এলাকা হাউজিং এস্টেটের প্রধান ফটকের মুখে সাইনবোর্ডে বড় বড় অক্ষরে এ কথা লেখা। ‘তদবির’ মানে কী? জানতে সাইনবোর্ডে দেওয়া মুঠোফোনে যোগাযোগ করলে অপর প্রান্ত থেকে বলা হয়, জিন-ভূতের আছর ছাড়াতে ঝাড়-ফুঁক ও তাবিজ-কবজের মাধ্যমে চিকিৎসা করা হয়। চিকিৎসা করেন কে—জানতে চাইলে উত্তর পাওয়া যায়, ‘পানপতি।’পানে ফুঁ দিয়ে চিকিৎসা করেন বলে তাঁর নাম হয়েছে ‘পানপতি’। সিলেট নগরের হাউজিং এস্টেটসহ বিভিন্ন এলাকায় সাইনবোর্ড টাঙানো আছে এই পানপতির নামে। যোগাযোগের ঠিকানা দেওয়া আছে নগরের শামীমবাদ আবাসিক এলাকার কানিশাইলের ঈদগাহ মসজিদের সামনের বাড়ি। সাইনবোর্ডের সূত্র ধরে গত শনিবার দুপুরে সেখানে গিয়ে পানপতির কোনো কার্যালয় খুঁজে পাওয়া যায়নি। ফের মুঠোফোনে যোগাযোগ করলে সাজু নামের একজন পানপতির সঙ্গী পরিচয় দিয়ে বলেন, ‘আফনার মাতকথা, হাবভাব ভালা না! পানপতির সাক্ষাৎ আর আজকু মিলত নায়...পরে আউকা।’ এ কথা বলেই সংযোগ বিচ্ছিন্ন করে মুঠোফোন বন্ধ করে দেন ওই ব্যক্তি।শুধু একজন ‘পানপতি’ নন, সিলেট নগরে বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ও গোপনে চলছে ঝাড়ফুঁকের এমন উদ্ভট চিকিৎসা। যিনি যে পদ্ধতিতে চিকিৎসা করেন, তাঁর নামকরণ হয় সে নামেই। গত শুক্রবার কথিত এক নারী পীরের ঝাড়ফুঁকে আম্বরখানায় সৈয়দা মারওয়া রিফাত নামের এক ছাত্রী মারা যাওয়ার পর জানা গেছে, ওই নারী প্রথম দিকে জামতলা এলাকা থেকে তাবিজ-কবজ দিতেন। এ জন্যই তিনি পরিচিতি পেয়েছেন ‘জামতলার পীরানি’ নামে।নগরের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সোবহানীঘাট ও রেলস্টেশনসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ‘কবিরাজ বিশারত’ নামের একটি সাইনবোর্ড টাঙানো আছে। এতে লেখা আছে, ‘অবাধ্যকে বাধ্য করা, জাদুটোনা ফেরানো, জিন-পরির আছর ও মামলা মোকদ্দমাসহ জীবনের যেকোনো সমস্যার জন্য আসুন।’ যোগাযোগের ঠিকানা দেওয়া হয়েছে মদিনা মার্কেট কালীবাড়ি এলাকা। সাইনবোর্ডের ঠিকানা সন্ধান করে কালীবাড়ি এলাকায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে ওই এলাকার এক বাসিন্দা জানান, এদের ঠিকানা থাকে না। মুঠোফোনের নম্বরেই যোগাযোগ করতে হয়। কিন্তু ওই সাইনবোর্ডে দেওয়া নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মুঠোফোন বন্ধ পাওয়া যায়।‘আসামে প্রশিক্ষণপ্রাপ্ত কবিরাজ বা গুনি/হেলায় সুবর্ণ সুযোগ হারাবেন না, চলে আসুন চিকিৎসা নিতে...’ এমন আহ্বানসংবলিত একাধিক সাইনবোর্ড দেখা গেছে, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, আখালিয়া, কদমতলী কেন্দ্রীয় বাসটার্মিনাল ও রেলস্টেশন এলাকায়। সাইনবোর্ডে ‘দেও-দানব-জিন-পরির আছর’ ছাড়াতে ‘যত্ন সহকারে চিকিৎসা’ দেওয়ার কথা বলা হয়েছে। যোগাযোগের জন্য সেখানেও দেওয়া আছে মুঠোফোনের নম্বর। ওই নম্বরে ফোন করলে অপর প্রান্ত থেকে বলা হয়, ‘পীর বাবু খানকায় বসছেন। পরে কথা কইন।’ শুক্রবারের ওই ঘটনার পর খোঁজ নিয়ে জানা গেছে, যেসব এলাকায় প্রবাসী লোকজনের পরিবারের বসবাস বেশি, সেসব পাড়া-মহল্লায় এ ধরনের উদ্ভট চিকিৎসার রমরমা ব্যবসা চলছে।পীরের ‘চিকিৎসা’ নেওয়া দক্ষিণ সুরমার তেতলি গ্রামের লন্ডনপ্রবাসী লোকমান আহমদ জানান, তিনি পারিবারিক সমস্যায় ২৫ টাকা ‘আরজি’ (ফি) দিয়ে পীরের শরণাপন্ন হয়েছিলেন। তাবিজ ও পানিপড়ায় ওই সমস্যা কাটিয়ে উঠেছেন। পরে খুশি হয়ে তিনি পীরকে কিছু টাকা দিয়েছেন। লোকমান আহমদ বলেন, ‘এটা আসলে যাঁর যাঁর বিশ্বাসের বিষয়। তাঁরা (পীর-কবিরাজেরা) তো আর কাউকে জোর করছেন না।’এ বিষয়ে আম্বরখানায় মারা যাওয়া ছাত্রীর প্রতিবেশী আইনজীবী শওকত চৌধুরী বলেন, পীর-কবিরাজদের ব্যবসার কৌশল হচ্ছে, শুরুতে নামমাত্র টাকা নেওয়া। পরে ধাপে ধাপে টাকা নেন তাঁরা।সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটের আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরী বলেন, বিভিন্ন পারিবারিক সমস্যা গোপন রাখার প্রবণতা আর অসচেতনতা থেকে এ রকম চিকিৎসা-পদ্ধতির দিকে মানুষ ধাবিত হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ প্রয়োজন।সিলেটের সিভিল সার্জন এম ফয়েজ আহমদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ এলে আমরা আইনগত ব্যবস্থা নিতে পারি। কিন্তু আমাদের কাছে কেউ অভিযোগ দেয় না। তা ছাড়া এটা চিকিৎসার নামে প্রতারণা। কাজেই আইনশৃঙ্খলা বাহিনীর উচিত, বিষয়টি নজরদারি করা।’সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া প্রথম আলোকে বলেন, সামাজিক কারণে এ রকম অভিযোগের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিতে পুলিশের কিছু অসুবিধা আছে। তার পরও পুলিশ চেষ্টা করে। ছাত্রীর মৃত্যুর ঘটনার সূত্র ধরে নগরে এ রকম চিকিৎসার নামে অপচিকিৎসার প্রতিষ্ঠানগুলোর খোঁজ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে একটি তালিকা তৈরির কাজ শুরু করেছে মহানগর পুলিশ।