সিলেটে ‘কালাপাথরের মাঠ’ নিয়ে ফের বিপাকে পাউবো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ‘কালাপাথরের মাঠ’ নিয়ে ফের বিপাকে পড়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। প্রায় চার দশক আগে সরকারিভাবে অধিগ্রহণ করা এই মাঠের ৬০৬ শতক জায়গা ‘অব্যবহূত’ দেখিয়ে বন্দোবস্ত নেওয়ার প্রক্রিয়া বন্ধের তিন বছরের মাথায় এবার মালিক দাবিদার পক্ষের তৎপরতা শুরু হয়েছে।পুরো জায়গার মালিকানা আইনি-প্রক্রিয়ার মাধ্যমে ফিরে পাওয়ার কথা জানিয়ে মালিক দাবিদার একটি পক্ষ মাঠের প্রবেশমুখে ফটক স্থাপন করে তালাবদ্ধ করে দিয়েছে। এ অবস্থায় পাউবোর অধীন থাকা সরকারের প্রায় ১০০ কোটি টাকা মূল্যমানের ভূসম্পত্তি হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছে।পাউবো জানায়, ১৯৬৩ সালে সিলেটে পাউবোর দপ্তর স্থাপনকালে আম্বরখানা মৌজায় মোট ১৫ দশমিক ৪ একর জায়গা যথারীতি ক্ষতিপূরণ দিয়ে অধিগ্রহণ করা হয়। এর মধ্যে ৬০৬ শতক জায়গার ‘কালাপাথরের মাঠ’ অংশে সীমানাপ্রাচীর দিয়ে পাউবোর লেবার হাউস ও ব্যারাকসহ কয়েকটি স্থাপনা রয়েছে।প্রকৌশল বিভাগ জানায়, শতকপ্রতি ১০-১৫ লাখ টাকা মূল্যমানের (বর্তমান দর) ৬০৬ শতক জায়গা এভাবে পড়ে থাকায় বিগত চারদলীয় জোট সরকার আমলে ‘এথিকস ডেভেলপমেন্ট লিমিটেড’ নামে একটি উন্নয়ন সংস্থা বন্দোবস্ত নিতে তৎপর হয়। তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক ছত্রচ্ছায়ায় প্রভাবশালী মহল পুরো জায়গা ‘অব্যবহূত’ দেখিয়ে বন্দোবস্ত নিতে ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত তৎপরতা চালাচ্ছিল। এ সময় সিলেট স্পোর্টিং ক্লাবের সাবেক কৃতী খেলোয়াড় মো. আনোয়ার হোসেন জায়গা বন্দোবস্ত না দিয়ে খেলার মাঠ হিসেবে ঘোষণা দেওয়ার জন্য পাউবোর মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন করেন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে ওই আবেদনের সূত্র ধরে বন্দোবস্ত-প্রক্রিয়া বন্ধ হয়।সিলেটের উপবিভাগীয় প্রকৌশলী তাপস পুরকায়স্থ প্রথম আলোকে জানান, গত সেপ্টেম্বরের শুরুর দিকে মাঠে যাওয়ার প্রবেশমুখে ফটক নির্মাণ তাঁরা প্রথম প্রত্যক্ষ করেন। অধিগ্রহণকৃত জায়গার মালিকানা উচ্চ আদালতের আদেশে ফিরে পাওয়ার বিষয়টি বিভিন্ন মহল থেকে মৌখিকভাবে অবহিত হয়ে পাউবোর আইন বিভাগকে জানানো হয়েছে। তিনি বলেন, ‘এ ব্যাপারে আপিল করার প্রস্তুতি চলছে। কিন্তু আইনি-প্রক্রিয়া চলমান অবস্থান মালিক দাবিদার পক্ষ জায়গা দখলে নিতে ফটকসহ প্রভৃতি স্থাপনা রাতের আঁধারে করার তৎপরতা চালাচ্ছে।’ সরেজমিনে গিয়ে দেখা গেছে, সিলেট নগরের শাহি ঈদগাহ এলাকায় পাউবোর প্রধান কার্যালয়—পানি ভবনের পূর্ব পাশে গোয়াইটুলার একটি রাস্তার মুখে লাগানো হয়েছে লোহার ফটক। সার্বক্ষণিক তালাবদ্ধ করে রাখা ফটকের এক পাশে ছোট একটি দরজা খোলা। মাঠে যাতায়াত ফটকের ওই ছোট দরজা দিয়ে চলে।মল্লিকা আদর্শ সমাজকল্যাণ সংস্থা নামের একটি সামাজিক সংগঠনের সাইনবোর্ড সাঁটানো বাসায় গিয়ে আলাপ হয় জায়গার মালিক দাবিদার পক্ষের লোকজনের সঙ্গে। সম্প্রতি উচ্চ আদালতের আদেশে তাঁরা জায়গা ফিরে পেয়ে প্রবেশমুখে ফটক স্থাপন করেছেন বলে জানান। মালিক দাবিদার পক্ষের একজন কুতুবউদ্দিন পিতামহ সোনা মিয়ার জায়গার উত্তরাধিকার জানিয়ে বলেন, ‘এ জায়গার মালিক ৯০ জন। এই ৯০ জনের উত্তরাধিকার এখন ১৩০ জন। আদালত যে রায় দিয়েছেন, তাতে ৩৬ নম্বরে আমার নাম রয়েছে। আমরা আইন মান্যকারী লোক। রায় হয়েছে বলে আমরা মালিক হিসেবে জায়গার দখল নিচ্ছি।’পাউবো সিলেটের নির্বাহী প্রকৌশলী শৈলেন চন্দ্র পাল বলেন, ‘সরকারের অধিগ্রহণ করা কোনো জায়গা ফিরিয়ে দিতে হলে তা জেলা প্রশাসনকে ফিরিয়ে দেওয়া হয়। জমির মালিককে ফিরিয়ে দেওয়ার কোনো বিধান নেই। সরকারের অধিগ্রহণ করা বিপুল এ সম্পত্তি ফের ব্যক্তিমালিকের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি অধিগ্রহণ বিধিতে নেই।’আদালতে পাউবোর পক্ষে মামলা পরিচালনাকারী হাইকোর্টের আইনজীবী সৈয়দ আলম বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, মামলা দ্রুত নিষ্পত্তি হয়ে গেছে। আমরা আসলে বক্তব্য উপস্থাপন করার সুযোগ পাইনি। এত তাড়াতাড়ি মামলা উঠে যাবে—এ ব্যাপারে আমি নিজেও সজাগ ছিলাম না। এটা আমারই ব্যর্থতা। তবে পাউবোকে পরামর্শ দিয়েছি আপিল করার জন্য। আপিল হলে আমরা রেজাল্ট ভালো পাব।’