সিলেটে 'দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র' স্থাপনের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভূমিকম্পের ঝুঁকিপ্রবণ এলাকা হওয়ায় সিলেট নগরে একটি ‘দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র’ স্থাপনের উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। নগরের মধ্যবর্তী একটি এলাকা চিহ্নিত করে এ-সংক্রান্ত একটি প্রস্তাব সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, প্রস্তাব অনুমোদিত হলে এটি হবে বিশ্বব্যাংকের অর্থায়নে সিলেট নগরে স্থাপিত প্রথম কোনো প্রতিষ্ঠান। গতকাল শুক্রবার দুপুরে ‘সমন্বিত নাগরিক সেবা ও নগর নিরাপত্তা গণমাধ্যমের দায়িত্ব’বিষয়ক এক কর্মশালায় মেয়র প্রধান অতিথির বক্তৃতায় এ তথ্য জানান।
নগরের একটি রেস্তোরাঁর সম্মেলনকক্ষে কর্মশালার আয়োজক ‘মাধ্যম লিমিটেড’ ও দাতা সংস্থা অক্সফাম বাংলাদেশ। এতে ৩০ জন সাংবাদিক অংশ নেন। দুপুরে কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় মেয়র নাগরিকদের ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়ে আলোকপাত করতে গিয়ে প্রস্তাবিত দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপনের বিষয়টি জানান।
মেয়র বলেন, ভূমিকম্পের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর সিলেট। তাই নগরবাসীকে সচেতন করার জন্য বিভিন্ন সংস্থার সহযোগিতায় সিটি করপোরেশন এ বিষয়ে সচেতন করছে। ইতিমধ্যে ২৭টি ওয়ার্ডে ভূমিকম্প মোকাবিলাবিষয়ক প্রশিক্ষণ চালু করা হয়েছে।
তিনি বলেন, বিশ্বব্যাংকের অর্থায়ন দিয়ে ফায়ার সার্ভিসের যন্ত্রপাতি ও নগরে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানোর জন্য একটি দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণ করা হবে। এ জন্য বন্দরবাজার ও রংমহল টাওয়ারের পাশে স্থানান্তর হওয়া কারাগারের জায়গা প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে।