সিলেটে ‘নগর সৌন্দর্যের’ সৌন্দর্যহানি
সিলেটে ‘নগর সৌন্দর্য’ প্রকল্পের আওতায় স্থাপিত ফোয়ারাগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে সৌন্দর্য হারিয়ে দীর্ঘদিন থেকে অচল অবস্থায় পড়ে রয়েছে। নগরের সৌন্দর্যবর্ধনের জন্য এসব ফোয়ারা নির্মিত হলেও এখন সেগুলো অসৌন্দর্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন আশপাশের বাসিন্দারা। এমনকি এগুলোর প্রতি সিটি করপোরেশন কর্তৃপক্ষের কোনো ধরনের নজরদারি নেই বলেও তাঁরা অভিযোগ করেছেন।সিটি করপোরেশনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সিলেট জেলা পরিষদের অর্থায়নে ও সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ২০০৫-০৬ অর্থবছরে কদমতলী এলাকায় হুমায়ুন রশীদ চত্বর নির্মিত হয়েছে। একই অর্থবছরে সিটি করপোরেশনের নগর সৌন্দর্য প্রকল্পের আওতায় ৭০ লাখ টাকা ব্যয়ে বন্দরবাজার, নাইওরপুল, কুমারপাড়া ও শাহি ঈদগাহ এলাকায় চারটি ফোয়ারা নির্মিত হয়।সরেজমিনে গিয়ে দেখা গেছে, ফোয়ারাগুলো পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে সৌন্দর্য হারিয়ে কোনোরকমে অথর্ব বৃদ্ধের চেহারা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সব কটি ফোয়ারা কেবল দেখভালের অভাবে যত্রতত্র অবস্থায় রয়েছে। সব কটির শ্যাওলাযুক্ত পানিতে ময়লা-আবর্জনা জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। কোনোটি আবার ময়লা-আবর্জনার ভাগাড় কিংবা ব্যাঙ ও মশার বসতি হিসেবে যেন ব্যবহূত হচ্ছে।কুমারপাড়া এলাকার বাসিন্দা শাহীনূর মিয়া বলেন, ‘ফোয়ারাটি স্থাপিত হওয়ার পর এলাকার সৌন্দর্য কয়েক গুণ বেড়ে গিয়েছিল। আশপাশের বিভিন্ন পাড়া-মহল্লার মানুষ সন্ধ্যার পর এটি দেখতে ভিড় করতেন। আর এখন রক্ষণাবেক্ষণের অভাবে ফোয়ারাটি অচল হয়ে পড়ে আছে।’ খোঁজ নিয়ে দেখা গেছে, ফোয়ারাগুলো রক্ষণাবেক্ষণে সিটি করপোরেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন আর কোনো উদ্যোগ নেই। তবে জেলা পরিষদ ফোয়ারাগুলো নির্মাণ করে রক্ষণাবেক্ষণের জন্য সিটি কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার পর প্রতিটি ফোয়ারা দেখাশোনার জন্য একজন করে তত্ত্বাবধায়ক নিয়োগ করা হয়েছিল। তবে তাঁদের কেউই আর এখন দায়িত্ব পালন করছেন না। ফলে পর্যাপ্ত দেখভালের অভাবে ফোয়ারার মোটর, মূল্যবান যন্ত্রপাতি চুরি হয়ে গেছে।সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ফোয়ারাগুলো চালু হওয়ার পর তত্ত্বাবধায়কদের দায়িত্বে অবহেলা, মাদকসেবী ও চোরের উপদ্রবের কারণে অধিকাংশ যন্ত্রপাতি চুরি হয়ে যাওয়ায় এগুলো সচল রাখা অসম্ভব হয়ে পড়ে। সম্প্রতি সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরান নগরের সৌন্দর্য পুনরায় ফিরিয়ে আনতে শিগগির এসব ফোয়ারা সংস্কারের নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী প্রকল্প তৈরি করে কাজ শুরু করা হবে।’