সিলেটে ‘নিখোঁজ’ তিন স্কুলছাত্র ঢাকা থেকে উদ্ধার
সিলেট নগরের ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ‘নিখোঁজ’ হওয়া তিন স্কুলছাত্রকে গত মঙ্গলবার ঢাকার সায়েদাবাদ থেকে উদ্ধার করা হয়েছে। সিলেটের কোতোয়ালি থানা সূত্র জানায়, সিলেট নগরের হাউজিং এস্টেট এলাকায় ওই শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক শিক্ষার্থী অষ্টম শ্রেণীর সোহাগ মিয়া, জুবায়ের আহমদ ও আবদুর রহমান রোববার এশার নামাজ পড়ার কথা বলে প্রতিষ্ঠানের ছাত্রাবাস থেকে বের হয়। কিন্তু তারা না ফেরায় কর্তৃপক্ষ রাত ১২টার দিকে বিষয়টি তাদের অভিভাবককে জানায়। এ খবর পেয়ে এক শিক্ষার্থীর অভিভাবক আজাদ মিয়া রাত তিনটার দিকে সিলেট কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।সোমবার রাতে আবদুর রহমানের মায়ের মুঠোফোনে কে বা কারা জানায়, রহমান ঢাকায় তাদের হেফাজতে আছে। তাকে ছাড়িয়ে নিতে মোটা অঙ্কের টাকা দিতে হবে। গত মঙ্গলবার সকালে ঢাকার সায়েদাবাদ থেকে জনৈক ব্যক্তি রহমানের মাকে ফোনে জানান, তাঁর ছেলেসহ তিনজনই তার হেফাজতে আছে। ওই ব্যক্তি ফোনে রহমানের সঙ্গে তার মাকেও কথা বলায়। রহমানের মা বিষয়টি ঢাকায় অবস্থানরত তাদের এক আত্মীয়কে জানান। তিনি ওই ব্যক্তির কথামতো সায়েদাবাদে গিয়ে তিন শিক্ষার্থীকে নিয়ে যাত্রাবাড়ী থানায় যান। থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পর তিনজনকে ওই আত্মীয়ের জিম্মায় দেওয়া হয়।ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি শাহরিয়ার হোসেন চৌধুরী জানান, তিন শিক্ষার্থীর সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে কথা হয়েছে। তিনজনকে সিলেটে নিয়ে আসার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের একটি প্রতিনিধিদল আত্মীয়দের সঙ্গে ঢাকায় গেছে। ঘটনার তদন্ত কর্মকর্তা সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মারুফ রহমান জানান, তিন শিক্ষার্থীকে ফিরিয়ে আনার পর তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।