বাংলাদেশে আদিবাসী পাত্র জনগোষ্ঠীর বসবাস কেবল সিলেটেই। সিলেট নগর যখন রাজা গৌড়গোবিন্দের শাসনে ছিল, সেই রাজ্যের প্রজা ছিল পাত্র সম্প্রদায়। হজরত শাহজালাল (রহ.)-এর সঙ্গে গৌড়গোবিন্দের যুদ্ধের পর রাজা ও রাজ্যের পতন হয়। এর পর থেকে নগরছাড়া হয়ে পাত্ররা শহরতলির বিভিন্ন টিলা ও জঙ্গল এলাকার বাসিন্দা। সেই ধারার বসবাস এখনো আছে। প্রায় ৭০০ বছর আগের সেই ঐতিহাসিক সত্যকে নতুন প্রজন্মের কাছে জাগরূক রাখতে প্রয়োজন কৃষ্টি ও সংস্কৃতির নিদর্শন নিয়ে ‘পাত্র জাদুঘর’।
গতকাল বৃহস্পতিবার সিলেটের একটি রেস্তোরাঁর সম্মেলনকক্ষে ‘পাত্র সম্প্রদায়ের আর্থসামাজিক অবস্থা-২০১৪ জরিপ ফলাফল উপস্থাপনা’ অনুষ্ঠানে এ মতামত জানিয়েছেন সিলেটের বিশিষ্টজনেরা। পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদের (পাসকপ) আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জরিপ ফল উপস্থাপন করা হয়।
জরিপ ফল উপস্থাপন করেন পরিষদের সমন্বয়কারী লাবণী স্বাতী। এতে বলা হয়, ১৪ শতকের আগে থেকেই সিলেট অঞ্চলে পাত্র জনগোষ্ঠীর বসবাস। রাজা গৌড়গোবিন্দ ছিলেন পাত্র জনগোষ্ঠীর একজন রাজা। হজরত শাহজালাল (রহ.)-এর সঙ্গে যুদ্ধে রাজা গৌড়গোবিন্দ পরাজিত হন। সিলেটের উত্তর দিকে পালিয়ে যান রাজা। অনেকেই রাজার সঙ্গে পালিয়েছিলেন। যাঁরা পালাতে পারেননি, তাঁরা সিলেটের গভীর অরণ্যে লুকিয়ে থাকেন। লুকিয়ে থাকা প্রজারাই আদিবাসী পাত্র জনগোষ্ঠী।
সিলেট জেলায় ৩৩টি আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে পাত্র সম্প্রদায় অন্যতম। পাত্রদের ঐতিহাসিক নাম হচ্ছে ‘লালেং’। কিন্তু পাত্র ভাষায় পাতরকে ‘লালং’ বলা হয়। এ জন্য তাঁরা নিজেদের মধ্যে ‘পাতর জাতি’ নামেও অভিহিত। মোট ১২টি গোত্রে বিভক্ত পাত্ররা।
জরিপে পাত্র জনসংখ্যা বাড়া ও শিক্ষা-দীক্ষায় অগ্রসর হওয়ার চিত্র উঠে এসেছে। তবে ভূমির অধিকারের দিক দিয়ে অন্যান্য আদিবাসী জনগোষ্ঠীর মতো পিছিয়ে রয়েছে তারা। এ পরিসংখ্যান জরিপে গুরুত্বের সঙ্গে উঠে আসায় ভবিষ্যৎ সুরক্ষায় ‘পাত্র জাদুঘর’ প্রতিষ্ঠার বিষয়টি বিশিষ্টজনদের আলোচনায় প্রাধান্য পায়।
পাসকপের প্রতিষ্ঠাতা ও সভাপতি গৌরাঙ্গ পাত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। আলোচনায় অংশ নেন সিলেটের ইতিহাস-ঐতিহ্য-প্রকৃতি সংরক্ষণ পরিষদের সংগঠক আবদুল করিম কিম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, মানবাধিকার সংস্থা ব্লাস্টের আইনজীবী শরিফা বেগম প্রমুখ।