সিলেটে ‘ভুয়া র‌্যাব’ অভিযোগে গ্রেপ্তার হওয়া মনিরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ‘ভুয়া র‌্যাব’ অভিযোগে গ্রেপ্তার হওয়া জেলা যুব সংহতির নেতা মনোয়ার হোসেন মনির (২৮) মারা গেছেন। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) হাতে গ্রেপ্তার ও পরবর্তী সময়ে পুলিশে সোপর্দ করার নয় দিনের মাথায় গতকাল শনিবার সকালে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তাঁর পরিবারের অভিযোগ, র‌্যাবের অমানুষিক নির্যাতনে মনির মারা গেছেন।তবে র‌্যাব-৯-এর উপ-অধিনায়ক আবদুল্লাহ ইবনে জায়েদ নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটা ঠিক নয়। পারসোনাল কোনো সমস্যার কারণে মারা যেতে পারে।’পরিবারের সূত্র জানায়, গত ১৪ সেপ্টেম্বর রাতে সিলেট নগরের সোবহানীঘাট এলাকা থেকে র‌্যাব সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে মনিরকে গ্রেপ্তার করেন র‌্যাবে-৯-এর সদস্যরা। পরদিন তাঁকে সুনামগঞ্জের ছাতক থানায় হস্তান্তর করা হয়। পুলিশ ওই দিনই মনিরকে কারাগারে পাঠালে ১৯ সেপ্টেম্বর তাঁকে চিকিৎসার জন্য সিলেট কারা হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই দিন রাতে কারা হেফাজতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার ভোররাতে তাঁর মৃত্যু হয়। সিলেটের জৈন্তাপুর উপজেলার গিলাতলা গ্রামের আবদুস সাত্তারের ছেলে মনির সিলেট শহরতলীর খাদিমপাড়া এলাকার বহর কলোনিতে বসবাস করতেন। খাদিমপাড়ায় তাঁর একটি মুদির দোকান রয়েছে। পাশাপাশি তিনি জাতীয় পার্টির (আনোয়ার হোসেন মঞ্জু) যুব সংগঠন জাতীয় যুব সংহতির সিলেট জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব ছিলেন। গতকাল কারা ও হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে মনিরের পরিবারের সদস্যরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। তাঁর মা, বাবা ও ভাইদের এ সময় কান্নাকাটি করতে দেখা গেছে। মনিরের ভাই আলতাফ হোসেন বলেন, কী অভিযোগে মনিরকে গ্রেপ্তার করা হয়েছিল, তা অনেক পরে তাঁরা জেনেছেন। আলতাফ বলেন, ‘হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়ার সময় আমাদের সঙ্গে যোগাযোগ হয়। ওই সময় মনির র‌্যাবের বিরুদ্ধে অভিযোগ করে তাঁদের জানান, র‌্যাবের সদস্যরা তাঁকে আটকে রেখে অমানুষিক নির্যাতন করেছেন। পেটের তলায় বুট দিয়ে আঘাত করেছেন। নির্যাতনে তাঁর প্রস্রাব-পায়খানা বন্ধ হয়ে যাওয়ায় কারা কর্তৃপক্ষ হাসপাতালে ভর্তি করে। আলতাফ বলেন, ‘সর্বশেষ গত বৃহস্পতিবার মনিরের সঙ্গে দেখা হয়। তিনি মারা যাবেন—এ আকুতি প্রকাশ করে পরিবারের সবার কাছ থেকে বিদায় নেন।’ র‌্যাবের উপপরিচালক জানান, ‘ভুয়া র‌্যাব’ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে সুনামগঞ্জের ছাতক থানায় একটি মামলা থাকায় মনিরকে গ্রেপ্তার করা হয়।ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান মুন্সি মনিরের বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, র‌্যাব পরিচয়ে ভয়ভীতি প্রদর্শন ও টাকা দাবির অভিযোগে ছাতক উপজেলার আতলিবাউর গ্রামের মৃত সামসুল ইসলামের মেয়ে পারভীন বেগম মনিরের বিরুদ্ধে মামলা করেন। তবে মামলাটি তদন্তাধীন রয়েছে বলে সত্যতার বিষয়ে কোনো মন্তব্য করতে ওসি রাজি হননি।চিকিৎসাধীন অবস্থায় মনিরের মৃত্যু ও পরিবারের অভিযোগ প্রসঙ্গে ওসি বলেন, ‘র‌্যাব-৯-এর সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে ১৫ সেপ্টেম্বর থানায় হস্তান্তর করেন। পরদিন আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এ সময় মনিরকে সুস্থ দেখা গেছে বলে ওসি জানান।জেপির সিলেট জেলার সভাপতি ইফতেখার হোসেন লিমন জানান, মনির যুব সংগঠনে সক্রিয় থাকার পাশাপাশি সাংস্কৃতিকভাবেও সক্রিয় ছিলেন। খাদিমপাড়ায় মোহনা সাংস্কৃতিক সংগঠনের তিনি সভাপতির দায়িত্ব পালন করছিলেন। সিলেটে ঝুলন্ত সেতু প্রতিষ্ঠার আন্দোলনে তিনি সোচ্চার ছিলেন। তাঁর বিরুদ্ধে থানা বা পুলিশের কাছে কোনো অভিযোগ নেই। সামাজিকভাবেও মনির গ্রহণযোগ্য একজন যুব নেতা ছিলেন। ইফতেখার বলেন, ‘তাঁর বিরুদ্ধে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগ আমি কেন—কেউ মেনে নেবে না। আমরা এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।’