সিলেটে ‘লন্ডনি প্রভাব’ও হার মেনেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসী-অধ্যুষিত সিলেট। যুক্তরাজ্যে সপরিবারে বসবাসকারীরা ‘লন্ডনি’ বলে সমাদৃত হন। শীতের শুরুতে ‘লন্ডনি’রা অবকাশ যাপনে দেশে ফেরেন। উচ্চমূল্যের ক্রেতা হিসেবে বাজার-সদাইয়ে অন্য রকম প্রভাব থাকে লন্ডনি পরিবারগুলোর। কিন্তু নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রবণতায় সিলেটে ‘লন্ডনি’ প্রভাবও যেন হার মেনেছে। নগরের সর্ববৃহৎ মাছের আড়ত কাজিরবাজারে একজন লন্ডনি ক্রেতার মাছের দরদাম করা দেখে এ কথা বলেন সুবিদবাজারের ‘লন্ডনি রোড’ বাসিন্দা সৈয়দ আবু তৈয়ব। বেসরকারি প্রতিষ্ঠানে করণিক পদে কর্মরত এক ব্যক্তি কাজিরবাজারে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মাছ কিনতে যান। তিনি একটি মাঝারি আকারের রুই মাছ পছন্দ করেন। বিক্রেতা দাম হাঁকেন ৫০০ টাকা। তিনি বলেন, এই মাছ গত সপ্তাহে ৩০০ টাকায় বিক্রি হয়েছে। সাত দিনের ব্যবধানে ২০০ টাকা দাম বাড়িয়ে দিয়েছে।’বিক্রেতা নুরুল ইসলাম পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেন এভাবেই—‘আমরার কিতা দোষ সাব! তিন দিন আগে ফোরস্ট্রোকে (অটোরিকশা) যে ভাড়া নিত, অখন নেয় দ্বিগুণ। পড়তায় পুষে না যে...!’বুধবার সিলেটের বিভিন্ন স্থান ঘুরে এ ধরনের অনেক চিত্র চোখে পড়েছে। প্রবাসী কল্যাণ সংগঠন ‘ওভারসিজ সেন্টার’ সিলেটের নির্বাহী পরিচালক মো. সামসুল আলম বলেন, ‘প্রবাসীদের মধ্যে বেশি যুক্তরাজ্যে বসবাস করায় সিলেটকে দ্বিতীয় লন্ডন হিসেবে ডাকা হয়। কিন্তু বিশ্ব অর্থনৈতিক মন্দা ও বৈদেশিক মুদ্রা দর পরিস্থিতির সঙ্গে এবং দেশে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির সামগ্রিক অবস্থা আসলেই জীবনযাত্রার ওপর বাড়তি চাপ তৈরি করেছে।’ দক্ষিণ সুরমা উপজেলার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিভিন্ন পথে বাস চলাচল করে। বুধবার বেলা সাড়ে ১১টায় যাত্রী ও বাসের কর্মীদের মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতির ঘটনা দেখা গেছে। রকিব উদ্দিন নামের এক যাত্রী সুনামগঞ্জের জগন্নাথপুরগামী বাসে ওঠেন। তিনি জানান, গত সপ্তাহে সিলেট থেকে জগন্নাথপুর পর্যন্ত বাসভাড়া ছিল ৪৩ টাকা। কোনো ধরনের নীতিমালা ছাড়াই এখন তা বেড়ে হয়েছে ৫৬ টাকা। দূরত্ব ৩২ কিলোমিটার।বাসের চালক লিটন আহমেদ বলেন, ‘প্রতি লিটারে তেলের দাম পাঁচ টাকা করে বেড়েছে। আগে ৮০০ টাকার স্থলে এখন খরচ পড়ছে এক হাজার ২৫০। যাত্রীদের কাছ থেকে ৫৬ টাকা করে নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত নতুন ভাড়ার তালিকা প্রস্তুত হয়নি।’নগরের বন্দরবাজার থেকে কুমারগাঁওগামী অটোরিকশায় চড়ে প্রতিদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করেন শিক্ষার্থী সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘মাস দু-এক আগে ভাড়া ছিল ১০ টাকা, তা বেড়ে মাস খানেক আগে হয় ১২ টাকা এবং তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে এখন ১৫ টাকা গুনতে হচ্ছে।’শাহপরান গেটের প্রবীর দেবনাথ বলেন, ‘শাহপরান গেট থেকে সিলেট নগরে যাতায়াতে অটোরিকশা ভাড়া ১২ টাকা ছিল। এখন ১৫ টাকা। পাশাপাশি অন্য পণ্যের দামও বেড়েছে। এতে পুরো জীবনযাপনের ওপর টানাপোড়েন তৈরি হয়েছে।’ অটোরিকশাচালক মাহতাব বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়লে সব জিনিসের দাম বাড়ি (বেড়ে) যায়। মাইনষে দোষে আমরারে, নাজেহাল হই। আমরা কিতা করমু?’পুরোনো রেলস্টেশন এলাকার ভ্রাম্যমাণ চায়ের দোকানদার কবির আহমদ (৩৫) বলেন, ‘আগে চা বেচতাম তিন টাকা কাপ। এখন পাঁচ টাকা কাপ বেচি। তেলের দাম বাড়ছে, চিনি-দুধেরও দাম বাড়ছে। ভাবতাছি, লাকড়ির চুলা দিয়া ব্যবসা শুরু করমু।’নগরের দর্জিপাড়া এলাকার বাসিন্দা আবদুল জলিল বলেন, ‘হুট করেই জ্বালানি তেলের দাম বাড়ায় সবকিছুতে প্রভাব পড়েছে। এমনকি এই মাস থেকে বাসাভাড়াও ২৫০ টাকা বেড়েছে। ছেলেমেয়েদের গৃহশিক্ষকের বেতন বেড়েছে ২০০ টাকা। গৃহকর্মী সাফ সাফ জানিয়ে দিয়েছে, চলতি মাস থেকে ১০০ টাকা বাড়িয়ে না দিলে সে থাকবে না। আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। বেতন তো বাড়েনি?’বাগবাড়ি এলাকার শিক্ষক শাহানারা জাহান বলেন, ‘আমরা যারা চাকরিজীবী, তারা পড়েছি বড় সমস্যায়। আমাদের আয় সীমিত, অথচ দ্রব্যমূল্য দিন দিন বাড়ছে। এখন আরেক দফা জ্বালানি তেলের দাম বাড়ায় সবকিছুর দাম আরেক দফা বাড়তে শুরু করেছে। এই একটা জিনিসের দাম বাড়লে সব দ্রব্যের দাম বাড়ে। এটা সরকারের ভেবে দেখা উচিত ছিল।’দুটি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাড়াও উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থানগত কারণে সিলেট নগরে শিক্ষার্থীদের বসবাস বেশি। আবাসিক হল ছাড়াও বিভিন্ন মেসবাড়িতে বসবাস করছে প্রায় ২০ থেকে ২৫ হাজার শিক্ষার্থী। মূল্যবৃদ্ধি নাভিশ্বাস শিক্ষার্থী মহলেও। সিলেট এমসি কলেজের শিক্ষার্থী ইসমাইল হোসেন বলেন, ‘যে মেসে থাকি, তার ভাড়া জানুয়ারি থেকে বেড়েছে। এ নিয়ে দুই দফা বাড়ল। কারণ একটাই—জ্বালানি তেলের দাম বাড়ছে। স্যারের বেতনও এক হাজার টাকা থেকে এক হাজার ২০০ টাকা হয়েছে। আয় বাড়াতে আরেকটা টিউশনি খুঁজছি।’টুকেরবাজার থেকে মদিনা মার্কেট। ফুটপাতজুড়ে বসে ভ্রাম্যমাণ সবজির হাট। সবজি ব্যবসায়ী নিজাম উদ্দিন বলেন, ‘আগে যেখানে ১০০ টাকায় মাল (সবজি) নিয়ে আসতে পারতাম, এখন সেখানে ১১০ টাকা পরিবহন খরচ দিতে হচ্ছে। সেই বাড়তি টাকা তো আর নিজের গাঁট থেকে দিতে পারব না, তাই সবজির দাম একটু বাড়িয়ে দিয়েছি। এটা শুধু আমি নই, সারা দেশের একই অবস্থা।’