সিলেটে ‘সংক্ষুব্ধ নাগরিক সমাবেশ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ঈদের দিন ‘সংক্ষুব্ধ নাগরিক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের অপসারণের দাবিতে এ কর্মসূচির আয়োজক ছিল ‘সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন’ নামের একটি সংগঠন। এতে সিলেটের সাহিত্য-সংস্কৃতি-সামাজিক-পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেছেন।সমাবেশে বক্তারা বলেন, ‘সরকারের সমালোচনার অর্থ এই নয় যে নাগরিকেরা ক্ষমতার প্রত্যাশী। বর্তমান সময়ে দেশের অধিকাংশ মানুষ অযোগ্য ও অথর্ব মন্ত্রীদের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছেন। জনগণের যুক্তিপূর্ণ এই দাবিটি সরকারকে অনুধাবন করে শিগগিরই অযোগ্য যোগাযোগমন্ত্রীকে অপসারণ করা হোক।’৩১ আগস্ট বেলা ১১টা ২০ মিনিটে শুরু হয়ে সমাবেশ চলে দুপুর ১২টা পর্যন্ত। আয়োজক সংগঠনের আহ্বায়ক আবদুল করিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জাহেদা শারমিন স্বাতী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি সৈয়দ মনির হেলাল, সাংবাদিক আবদুল আলিম শাহ, এমদাদ হোসেন চৌধুরী, সহিদুজ্জামান, তায়েফ আহমেদ চৌধুরী প্রমুখ।সভাপতির বক্তব্যে আবদুল করিম বলেন, ‘বর্তমান সরকারের যোগাযোগমন্ত্রী একেবারেই ব্যর্থ। সারা দেশের যোগাযোগব্যবস্থা যখন বেহাল, তখনো তিনি একের পর এক মিথ্যা আশ্বাস দিয়ে নাগরিকদের কাছে হাস্যকর পাত্রে পরিণত হয়েছেন। তাই প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, নাগরিকদের প্রতিবাদকে আপনি আমলে নিন।’সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্ল্যাকার্ডসমেত উপস্থিত হন। এসব প্ল্যাকার্ডে লেখা উল্লেখযোগ্য কয়েকটি স্লোগান হচ্ছে: ‘দেশের মানুষ সংক্ষুব্ধ, ফুঁসছে মানুষ রাত-দিন/ দোহাই লাগে শেখ হাসিনা, আবুলটাকেই বাদ দিন’, ‘ঈদ মোবারক, এল ঈদের চাঁদ/ সড়কপথে বেহাল দশায়, আজকের প্রতিবাদ’, ‘অথর্ব মন্ত্রী কুতর্ক করে, নিলর্জ্জের মতো হেসে যায়/ এরাই নাকি দিন বদলাবে, শুনে প্যাঁচারও হাসি পায়’, ‘ভাঙাচোরা সড়কে ফিটনেসহীন গাড়িতে/ ফিরল না এই ঈদে, আমার ভাই বাড়িতে’, ‘আজিজ্যার তালাতো ভাই যোগাযোগমন্ত্রী আবুল/ সারা দেশের পথঘাট বানিয়ে ছেড়েছে কাবুল’, ‘ঈদের চাঁদ উঠছে মাগো, আনন্দ নেই মনে/ তারেক মিশুক হারালো কেন প্রশ্ন জনে জনে’ এবং ‘দিবা স্বপ্ন ভাঙবে যখন, দেখবে তখন সময় শেষ/ দেশের মানুষ জাগলে পরেই বদলে দিবে বাংলাদেশ’।