সিলেটের অস্ত্রধারী সেই হান্নান জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে সশস্ত্র মহড়া দেওয়া ছাত্রলীগের ক্যাডার আবদুল হান্নানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর বিচারিক হাকিম আদালতে হান্নান আত্মসমর্পণ করলে বিচারক উম্মে সরাবন তহুরা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মহানগর পুলিশের পরিদর্শক (আদালত) নফিজুল ইসলাম বলেন, আদালতে হাজির হয়ে হান্নানের পক্ষে জামিন প্রার্থনা করা হয়েছিল। আদালত জামিন নামঞ্জুর করেন। পরে আদালত থেকে হান্নানকে জেলে পাঠানো হয়েছে। আদালত-পুলিশ সূত্র জানায়, গত ৭ মার্চ এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষের ঘটনায় এক পক্ষের কর্মী রুবেল আহমদের দায়ের করা মামলার আসামি হান্নান। এ মামলা ছাড়াও তাঁর বিরুদ্ধে ২০১৩ সালের ১৯ মে এমসি কলেজ ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় অস্ত্র আইনে মামলা ও ১৭ জানুয়ারি টিলাগড়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় মামলা রয়েছে।
২০১৩ সালের ১৯ মে এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্র হাতে হান্নানের ছবি পরদিন ২০ মে প্রথম আলোয় ছাপা হয়েছিল।