সিলেটের আদালতের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের তিনজন বিচারক দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় চারটি আদালতের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে বলে অভিযোগ করেছে জেলা আইনজীবী সমিতি। সমিতির নেতারা বলেছেন, আইন মন্ত্রণালয়ে একাধিকবার এ সমস্যার কথা জানানো হলেও অনুপস্থিত জেলা জজদের স্থলে নতুন কোনো বিচারক নিয়োগ দেওয়া হয়নি। জেলা আইনজীবী সমিতির এক তলবি সাধারণ সভায় গত মঙ্গলবার এ কথা বলা হয়। আইনজীবী সমিতির ২ নম্বর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য এতে দেন সাধারণ সম্পাদক মো. ফয়জুর রহমান চৌধুরী, মো. গোলাম রাজ্জাক চৌধুরী, মো. ফারুকুজ্জামান, আবদুল মান্নান, আবদুল খালিক, আবদুল হামিদ, খন্দকার মুবাশ্বির আলী, অমলেন্দু ধর, মোহাম্মদ জাকির হোসেইন, আনোয়ার হোসেন, শৈলেন্দ্র কিশোর দাস তালুকদার, শামীম আহমদ সিদ্দিকী প্রমুখ। তলবি সভায় বক্তারা বলেন, সদরে চারটি যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত রয়েছে। এসব আদালতে মাত্র একজন বিচারক দায়িত্বে থাকায় সব কটি আদালতের দেওয়ানি ও ফৌজদারি মামলা পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে।