সিলেটের আদিবাসী ‘নিজস্ব শিক্ষক’ পদ্ধতি ফিলিপাইন ও চীনে চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসী-অধ্যুষিত প্রাথমিক বিদ্যালয়ে ‘নিজস্ব শিক্ষক’ পদ্ধতি গণমাধ্যমের কল্যাণে ফিলিপাইন ও চীন এ পদ্ধতি গ্রহণ করে চালু করেছে। কিন্তু দেশের বাইরে সমাদৃত হলেও বাংলাদেশে এখনো আদিবাসী নিজস্ব শিক্ষণ পদ্ধতি গৃহীত হয়নি। আদিবাসীদের অধিকার সচেতন করতে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে হবে আগে, তা না হলে আদিবাসীরা তাদের অধিকার সম্পর্কে অসচেতন হয়েই থাকবে।গতকাল মঙ্গলবার সিলেটে ‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এ তথ্য উপস্থাপন করে আদিবাসীদের শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার বিষয়টি নিয়ে আলোচিত হয়। আদিবাসীদের অধিকার সচেতনতায় সিলেটে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ (একডো) সেমিনারের আয়োজন করে।নগরের একটি রেস্তোরাঁর সম্মেলনকক্ষে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন একডোর নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ। টিআইবি-সমর্থিত সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে উপস্থাপিত প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন মানবাধিকার সংগঠন ব্লাস্ট সিলেটের সমন্বয়কারী ইরফানুজ্জামান, গণমাধ্যমকর্মী মুহাম্মদ তাজ উদ্দিন, মোহাম্মদ সিরাজুল ইসলাম, ছামির মাহমুদ, নারী সাংবাদিক অমিতা সিন্হা, বদরউদ্দিন আহমদ। সেমিনার সঞ্চালনা করেন সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক আল আজাদ।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে একডোর নির্বাহী পরিচালক আদিবাসীদের শিক্ষার উন্নয়ন বিষয়টি তুলে ধরেন। এডকোর মাধ্যমে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে আদিবাসী-অধ্যুষিত দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এডকোর মাধ্যমে দুজন আদিবাসী ভাষার শিক্ষক নিয়োগ দেওয়া হয়। আদিবাসীদের কাছে এ পদ্ধতি ‘নিজস্ব শিক্ষক’ হিসেবে পরিচিত হয়ে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। এ নিয়ে ২০০৯ সালের ২৫ জুলাই প্রথম আলোয় ‘ভাষার দূরত্ব দূর করছেন নিজস্ব শিক্ষকেরা’ শিরোনামে শনিবারের বিশেষ প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর অন্যান্য গণমাধ্যমে প্রচার শুরু হয়। এ প্রচারণা থেকে ফিলিপাইন ও চীন এ পদ্ধতি গ্রহণ করে।এ ব্যাপারে সেমিনারে বলা হয়, সিলেটের আদিবাসী-অধ্যুষিত দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একডোর উদ্যোগে ২০০৮ সালে দুজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এর পর থেকে ওই বিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীরা ভালো ফল করে আসছে।সেমিনারে একডোর নির্বাহী পরিচালক দুঃখ প্রকাশ করে বলেন, ‘নিজস্ব শিক্ষক’ পদ্ধতি সম্পর্কে গণমাধ্যমে এ পদ্ধতির কথা প্রচারিত হলে ফিলিপাইন ও চীন গ্রহণ করে। একটি আন্তর্জাতিক সেমিনারে এ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপিত হয়েছে। কিন্তু দেশের বাইরে সমাদৃত হলেও বাংলাদেশে এখনো এ পদ্ধতি গ্রহণ করা হয়নি।