সিলেটের উন্নয়ন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, মহাজোট সরকার জনসাধারণের কল্যাণ সাধনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে। আর জনগণের কল্যাণের জন্য সবার আগে প্রয়োজন কৃষি ও গ্রামীণ উন্নয়ন। সরকার তাই অগ্রাধিকার ভিত্তিতে কৃষি ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ করছে। তবে গ্রামের পাশাপাশি সরকার শহরাঞ্চলেরও উন্নয়ন করছে।গতকাল শুক্রবার সকালে তিনি নগরের কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অর্থমন্ত্রী সকাল সাড়ে ১০টায় নগরের করেরপাড়া এলাকায় ৫০ লাখ টাকা ব্যয়ে নলকূপ স্থাপন এবং বেলা সাড়ে ১১টায় শাহী ঈদগাহ এলাকায় ২২ লাখ টাকা ব্যয়ে বিদ্যুতায়ন, সংস্কার ও ফুটপাত নির্মাণকাজের উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা দেন সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সাংসদ শফিকুর রহমান প্রমুখ।অর্থমন্ত্রী বলেন, সিলেটের উন্নয়ন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। সম্প্রতি সিলেটের উন্নয়নে একনেকে ২৩৬ কোটি টাকার একটি প্রকল্প পাস হয়েছে। এর আগে সিলেটের উন্নয়নে এত বড় প্রকল্প কোনো সরকার গ্রহণ করতে পারেনি।অর্থমন্ত্রী বলেন, সিলেটে একটি কসাইখানা নির্মাণের জন্য জমি খোঁজা হচ্ছে। জমি পেলেই এই প্রকল্পের কাজ শুরু হবে। নগরের যানজট নিরসনে রিকাবীবাজার থেকে চৌহাট্টা হয়ে আম্বরখানা-সুবিদবাজার পর্যন্ত উড়াল পথ নির্মাণ করা হবে।অর্থমন্ত্রী বলেন, বিগত সরকারের সময় কাজীরবাজার এলাকা দিয়ে সুরমা নদীর ওপর সেতু নির্মাণের নকশা ভুল ছিল। নতুন করে এই সেতুর নকশা তৈরি হচ্ছে। এরপর কাজ শুরু হবে।