সিলেটের এসপিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের পুলিশ সুপার (এসপি) মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে সাংবাদিক নেতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে তাঁকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক জরুরি সভা থেকে এ আহ্বান জানানো হয়। তবে সাংবাদিক নেতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের তথ্যটি সঠিক নয় বলে পুলিশ সুপার দাবি করেছেন।

নগরের জিন্দাবাজার এলাকায় প্রেসক্লাব মিলনায়তনে বেলা দুইটায় জরুরি সভা শুরু হয়। প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি ওয়েছ খছরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলমের সঞ্চালনায় শুরুতেই পুলিশ সুপারের অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

জেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি ওয়েছ খছরু প্রথম আলোকে বলেন, ‘গত বুধবার একজন সহকর্মী সাংবাদিকের পারিবারিক একটি সমস্যা নিয়ে পুলিশ সুপারের কাছে আমরা দুজন গিয়েছিলাম। সেখানে কথাবার্তার একপর্যায়ে পুলিশ সুপার আমাদের সঙ্গে অত্যন্ত অপ্রত্যাশিতভাবে রুঢ় ও খারাপ আচরণ করেছেন; যেটি একেবারেই কাম্য ছিল না।’

যোগাযোগ করা হলে গতকাল সন্ধ্যায় এসপি মো. মনিরুজ্জামান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ একেবারেই মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘পেশাগত কাজে নয়, সাংবাদিক ওয়েছ খছরু অপর একজন আলোকচিত্র সাংবাদিকের ব্যক্তিগত সমস্যা নিয়ে আমার কাছে এসেছিলেন। তাঁর সঙ্গে আলাপের সময় অপ্রীতিকর কোনো ঘটনাই ঘটেনি; বরং আমার সঙ্গেই উনি সৌজন্য বজায় রেখে কথা বলেননি।’