সিলেটের ওসমানী মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা তাওহীদুল ইসলামকে (২৬) হত্যার প্রতিবাদে ছাত্রদলের ডাকা ধর্মঘটের মুখে গতকাল বৃহস্পতিবার কলেজ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে৷
কলেজ সূত্র জানায়, ধর্মঘটের প্রথম দিন গতকাল দুপুরে একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠক হয়৷ পরে ছয় দিনের জন্য বন্ধের ঘোষণা দেয় কলেজ কর্তৃপক্ষ৷ অধ্যক্ষ মোর্শেদ আহমদ চৌধুরী জানান, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলেজ বন্ধ থাকবে৷ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷
গত বুধবার সন্ধ্যায় আবু সিনা ছাত্রাবাসের ১০০২ নম্বর কক্ষে নিয়ে তাওহীদকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়৷ পরে মুমূর্ষু অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগের সামনে তাঁকে ফেলে রাখা হয়৷ রাত নয়টার দিকে তিনি মারা যান৷ কলেজ ছাত্রদলের আপ্যায়নবিষয়ক সম্পাদক ছিলেন তিনি৷
ক্যাম্পাসে প্রভাব বিস্তার ও রাজনৈতিক বিরোধের জের ধরে তাওহীদকে ছাত্রলীগের নেতা-কর্মীরা হত্যা করেছেন বলে ছাত্রদলের কলেজ শাখার নেতা-কর্মীরা অভিযোগ করছেন৷ তবে এই অভিযোগের ব্যাপারে ছাত্রলীগের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি৷ ছাত্রলীগের একাধিক নেতার মুঠোফোনে ফোন করলেও তাঁরা ফোন ধরেননি৷
গতকাল সকালে আবু সিনা ছাত্রাবাসের ওই কক্ষ থেকে হত্যার আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল৷
নাম প্রকাশ না করার শর্তে তাওহীদের কয়েকজন সহপাঠী জানান, হত্যাকাণ্ডে জড়িত ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মী ও তাঁদের সহযোগীআরও পাঁচজনের নাম-পরিচয় পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে৷
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ প্রথম আলোকে জানান, নিহত শিক্ষার্থীর চাচা আনোয়ার হোসেন মাতব্বর সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন৷ মামলায় কলেজ ছাত্রলীগের সভাপতি সৌমিক দে, সাধারণ সম্পাদক সাইফুল হাইসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করা হয়েছে৷
ছাত্রদলের ডাকা ধর্মঘট গতকাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে৷ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রদল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে৷ ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে৷
ছাত্রদলের তিন দিনের কর্মসূচি: কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আসলামুল ইসলাম প্রথম আলোকে জানান, হত্যাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে৷ পাশাপাশি তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে৷ এসব কর্মসূচির মধ্যে আজ শুক্রবার দোয়া মাহফিল, কাল শনিবার ক্যাম্পাসে শোক র্যালি ও রোববার সিলেট নগরের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে এক দিনের ধর্মঘট পালন করা হবে৷
আসামিদের আগামীকাল শনিবারের মধ্যে গ্রেপ্তার করা না হলে রোববার সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতাল আহ্বান করেছে সিলেট মহানগর বিএনপি৷ বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল হাসান লোদী৷
হত্যার বিচার চায় তাওহীদের পরিবার: শরীয়তপুরের গোপালপুর গ্রামের শিক্ষার্থী তাওহীদের চাচা আনোয়ার হোসেন জানান, তিন বোন ও এক ভাইয়ের মধ্যে তাওহীদ তৃতীয়৷ তাওহীদুলের বাবা ও তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত৷ তাওহীদুল ছাত্রদল করতেন, তা তাঁর কলেজে এসে তিনি জেনেছেন৷ তিনি বলেন, ‘হত্যার বিচার ছাড়া আর কিছু চাওয়ার নেই আমার৷’
সকালে কলেজ ক্যাম্পাসে দুই দফা জানাজা শেষে তাওহীদের লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়৷ জানাজার সময় তাওহীদুলের সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েন৷ জানাজায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিএনপি নেতারা এবং কলেজের ছাত্র-শিক্ষক-কর্মকর্তারা অংশ নেন৷ জানাজার পরপরই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়৷