সিলেটের কর্মকর্তা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সিলেট জেলা পরিষদের সচিব (সুনামগঞ্জের ছাতকের সাবেক ইউএনও) সুজিত কুমার রায়কে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার সুনামগঞ্জের বিশেষ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. ইসরাইল হোসেন এই আদেশ দেন।

আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুজিত কুমার রায় ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্ব পালনকালে ২০১০-১১ সালের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পে অনিয়মের অভিযোগ ওঠে। দুদকের সমন্বিত সিলেট জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জাকির হোসেন বাদী হয়ে ২০১২ সালে ১৪ ফেব্রুয়ারি সুজিত কুমার রায় এবং ছাতক উপজেলার তৎকালীন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এ কে এম নজরুল ইসলামকে আসামি করে ছাতক থানায় মামলা করেন। মামলায় ওই প্রকল্পের উপকরণ ক্রয়বাবদ ব্যয় দেখিয়ে ১২টি চেকে নয় লাখ ৬৫ হাজার টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ করা হয়। এ মামলায় গতকাল সুজিত কুমার রায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সুনামগঞ্জে দুদকের কৌঁসুলি (পিপি) আইনুল ইসলাম ওরফে বাবলু জানান, প্রকল্পটি ৯৮ লাখ ১৬ হাজার টাকার ছিল। এই প্রকল্প থেকে উপকরণ ক্রয়বাবদ ব্যয় দেখিয়ে নয় লাখ ৬৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে। গতকাল শুধু সুজিত কুমার রায় আদালতে জামিনের আবেদন করেছিলেন। আসামিপক্ষের মামলা পরিচালনা করেন হুমায়ুন মঞ্জুর চৌধুরী, মোহামঞ্চদ ফজলুল হক ও বজলুল মজিদ চৌধুরী।