সিলেটের কানাইঘাটে ককটেলসহ গ্রেপ্তার ১
সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি বাজারের একটি দোকান থেকে বোমাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় গতকাল শুক্রবার বিকেলে কানাইঘাট থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার গাছবাড়ি বাজারের মুদি ব্যবসায়ী নূর উদ্দিনকে ফাঁসাতে তাঁর দোকানে হেলাল আহমদ ও কদর আলী নামের দুই ব্যক্তি ককটেল রেখে পুলিশে খবর দেওয়ার চেষ্টা চালাচ্ছিল। ঘটনাটি স্থানীয় ব্যক্তিরা প্রত্যক্ষ করে তাঁদের ধাওয়া করে হেলাল আহমদকে (৩৫) আটক করে। তাঁর বাড়ি জকিগঞ্জ উপজেলার দুধেরচক গ্রামে। তবে হেলালের অপর সহযোগী বিয়ানীবাজার উপজেলার গোলাঘর গ্রামের কদর আলী (৪০) পালিয়ে যান।খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছে হেলালকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে কানাইঘাট থানার উপপরিদর্শক মনিরুল হক গতকাল শুক্রবার বিকেলে বিস্ফোরক আইনে একটি মামলা করেছেন।এ ব্যাপারে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান খান প্রথম আলোকে বলেন, মুদি ব্যবসায়ী নূরউদ্দিনকে ফাঁসাতে ককটেল রেখেছিল হেলাল ও কদর।