সিলেটের কিনব্রিজ ফোয়ারা পানি ছিটাচ্ছে না

সিলেট নগরের বুক চিরে প্রবাহিত সুরমা নদীপারের কিনব্রিজ এলাকা। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নদীতীরের এ স্থানটিতে আড্ডা দিতে জড়ো হন হাজারো মানুষ। দর্শনার্থীদের আকৃষ্ট করতে এখানে স্থাপন করা হয়েছিল দৃষ্টিনন্দন একটি ফোয়ারা। অথচ দেড় বছর ধরে ফোয়ারাটি বিকল পড়ে আছে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, কিনব্রিজ এলাকার ফোয়ারাটির আগের সৌন্দর্য আর নেই। মরচে ধরা ও ভাঙা যন্ত্রাংশ দেখে বোঝার উপায় নেই, শেষ কবে এটি পানি ছিটিয়েছে। ফোয়ারার পানিতে জমেছে শেওলা, ভাসছে পরিত্যক্ত প্লাস্টিকের মোড়ক। বহুদিন পরিষ্কার না করায় পানি থেকে উৎকট গন্ধ বেরোচ্ছে।
সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সিলেটের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম জানান, ২০০৪ সালে সওজ ফোয়ারাটি নির্মাণ করেছিল। এরপর সেটি দেখভাল করার জন্য সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। কিন্তু শুরুর দিকে কিছুদিন সিটি করপোরেশন ফোয়ারাটির দেখভাল করলেও পরে আর করেনি।

কিনব্রিজ এলাকায় বসে প্রায়ই আড্ডা দেন কবি ও প্রকাশক রাজীব চৌধুরী। তিনি বলেন, প্রতিদিন সন্ধ্যার পর ফোয়ারাটি পানি ছিটানোয় ওই স্থানটি অন্য রকম এক সৌন্দর্য নিয়ে নগরবাসীর কাছে হাজির হয়েছিল। মানুষজন এ স্থানটিতে এসে আড্ডা দিত, বসত। কিছুদিন চলার পর একসময় ফোয়ারাটি বিকল হয়ে পড়ে। এখন ওই এলাকায় যেতে আগ্রহ হারাচ্ছে মানুষ।
ফোয়ারাটি চালুর পর এ এলাকায় কয়েকটি চটপটি ও চায়ের টং গড়ে ওঠে। সেসব দোকানের দুজন ব্যবসায়ী জানান, ফোয়ারাটি বিকল থাকায় নগরবাসী এখানে আসতে আগ্রহ হারাচ্ছেন। এ অবস্থায় তাঁদের ব্যবসা-বাণিজ্যও আগের তুলনায় মন্দা যাচ্ছে।
যোগাযোগ করলে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব প্রথম আলোকে বলেন, ফোয়ারাটি বিকল হওয়ার পর সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে বেশ কয়েকবার এটি সংস্কার করা হয়েছিল। কিন্তু কিছুদিন পর দেখা যায়, মাদকসেবীরা রাতের অন্ধকারে ফোয়ারার অনেক যন্ত্রাংশ খুলে নিয়ে যাচ্ছে। এ অবস্থায় এটি চালু করলেও কিছুদিন পর একই অবস্থার তৈরি হবে। তারপরও নিরাপত্তাব্যবস্থা জোরদার করে ফোয়ারাটি পুনরায় চালু করা যায় কি না, সেটি ভেবে দেখা হবে।