সিলেটের ঘটনায় ছাত্রলীগের দুঃখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে গতকাল রোববার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।

আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সংগঠনের পক্ষ থেকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

লিখিত বক্তব্যে বদিউজ্জামান বলেন, ‘সিলেটে সিপিবি ও বাসদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।’

দায়ী ব্যক্তিদের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে ব্যবস্থা নিতে পারে, সে জন্য ছাত্রলীগের জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে জানান বদিউজ্জামান।

ঘটনার বিবরণ দিতে গিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি দাবি করেন, সমাবেশ চলাকালে পাশেই ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি চলছিল। এ সময় সমাবেশ থেকে কতিপয় অতি-উত্সাহী বিএনপিপন্থী ও অতি-বাম চেতনার কিছু কর্মী ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশ করে অকথ্য ও অরাজনৈতিক ভাষায় বক্তব্য রাখছিলেন। এ সময় ছাত্রলীগের কিছু কর্মী কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। পরে তা সংঘর্ষে রূপ নেয়, যেখানে উভয় পক্ষ পরস্পরের ওপর হামলা করে।

গতকাল সিলেটে সিপিবি-বাসদের সমাবেশে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা ও ভাঙচুর চালান। এ সময় সিপিবির কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ অন্তত ১৫ জন আহত হন। হামলাকারীরা তাঁকে টেনেহিঁচড়ে মঞ্চ থেকে নামিয়ে আনেন। সমাবেশে বক্তারা সরকারবিরোধী বক্তব্য দেওয়ায় ছাত্রলীগের নেতা-কর্মীরা এই হামলা চালান বলে জানা গেছে।

ছাত্রলীগের হামলার প্রতিবাদে সিলেট নগরে আজ সোমবার আধা বেলা হরতাল ডাকা হয়েছে।

ঘটনার পর গত রাতে কেন্দ্র থেকে সিলেট জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়।