সিলেটের চার জেলায় শিশুমৃত্যুর হার বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের চার জেলায় পাঁচ বছরের বেশি বয়সী শিশুমৃত্যুর হার অনেক বেশি। এ হার বিভাগের চারটি জেলার মধ্যে সিলেট ও হবিগঞ্জে ৫০ শতাংশ, সুনামগঞ্জে ৬৮ শতাংশ এবং মৌলভীবাজারে ৫২ শতাংশ; যেখানে জাতীয় পর্যায়ে শিশুমৃত্যুর হার ৪৯ শতাংশ। এ ছাড়া পাঁচ বছরের নিচে শিশুমৃত্যুর হার সিলেটে ৬৫ শতাংশ, হবিগঞ্জে ৬৬ শতাংশ, সুনামগঞ্জে ৯৪ শতাংশ এবং মৌলভীবাজারে ৬৯ শতাংশ। এ হার জাতীয় পর্যায়ে ৬৪ শতাংশ।গতকাল বুধবার সন্ধ্যায় নগরের উপশহর এলাকার একটি অভিজাত রেস্তোরাঁর মিলনায়তনে ‘নগর জীবনে শিশুরা’ শীর্ষক মতবিনিময় সভায় আয়োজকেরা এ তথ্য তুলে ধরেন। জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম। সভায় বক্তব্য দেন ইউনিসেফ সিলেটের আঞ্চলিক প্রধান কাজী দিল আফরোজা ইসলাম ও শিশু প্রতিনিধি সাবিনা বেগম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিসেফ সিলেটের কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট কর্মকর্তা সৈয়দ মিল্কী।মূল প্রবন্ধে সিলেটের শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি এবং স্যানিটেশন সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। মূল প্রবন্ধে উল্লেখ করা হয়, জন্মের এক ঘণ্টার মধ্যে মাতৃদুগ্ধ পানের হার সিলেট জেলায় ৫৫ দশমিক ৩ শতাংশ, হবিগঞ্জ জেলায় ৬৯ দশমিক ১ শতাংশ, সুনামগঞ্জ জেলায় ৬১ দশমিক ৫ শতাংশ এবং মৌলভীবাজার জেলায় ৫৩ শতাংশ। জাতীয় পর্যায়ে এ হার ৫০ দশমিক ২ শতাংশ। এ ছাড়া সিলেটে ৭৯ দশমিক ৬ শতাংশ, হবিগঞ্জে ৭৯ দশমিক ৪ শতাংশ, সুনামগঞ্জে ৭৫ দশমিক ৯ শতাংশ এবং মৌলভীবাজারে ৭৯ দশমিক ৩ শতাংশ শিশু হামের টিকার আওতায় রয়েছে। যদিও জাতীয় পর্যায়ে এ হার ৮৮ দশমিক ৪ শতাংশ।প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে একই প্রবন্ধে জানানো হয়, সিলেট জেলায় ৭৯ দশমিক ৩ শতাংশ ছেলে ও ৮১ দশমিক ৩ শতাংশ মেয়ে, হবিগঞ্জ জেলায় ৬৮ দশমিক ৪ শতাংশ ছেলে ও ৬৯ দশমিক ৫ শতাংশ মেয়ে, সুনামগঞ্জ জেলায় ৬৫ দশমিক ৩ শতাংশ ছেলে ও ৬৭ দশমিক ৮ শতাংশ মেয়ে এবং মৌলভীবাজার জেলায় ৭৯ দশমিক ৫ শতাংশ ছেলে ও ৮৩ দশমিক ১ শতাংশ মেয়ে বিদ্যালয়ে যাচ্ছে। তবে এসব এলাকার শিক্ষার্থীরা উল্লেখযোগ্য মাত্রায় ঝরেও পড়ছে। ঝরে পড়া রোধে আরও উদ্যোগী হতে হবে।আলোচনায় বক্তারা বলেন, দারিদ্র্যের কথা ভাবলেই গ্রামাঞ্চলের শিশুদের চিত্র প্রথমে ভেসে ওঠে। কিন্তু আজ শহরের বস্তি ও অতি গরিব এলাকার শিশুরা পৃথিবীতে বেশি সুবিধাবঞ্চিত ও অরক্ষিত।