সিলেটের ছয় আলোকচিত্র সাংবাদিককে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে হরতাল চলাকালে জামায়াত-শিবিরের হামলায় আহত এক পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় প্রথম আলোর সিলেটের আলোকচিত্রী আনিস মাহমুদসহ ছয়জন আলোকচিত্র সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) এ সংবর্ধনা দেয়। মহানগর পুলিশের সদর দপ্তরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আলোকচিত্র সাংবাদিকদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক দায়িত্ব পালন করায় তাঁদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়।
মহানগর পুলিশ সূত্র জানায়, ১২ ডিসেম্বর সিলেটে জামায়াত-শিবির হরতাল আহ্বান করে। ওই দিন সিলেট ওসমানী মেডিকেল কলেজ এলাকায় মহানগর পুলিশের সহকারী উপপরিদর্শক (এসআই) কামাল হোসাইনকে জামায়াত-শিবিরের কর্মীরা লাঠিসোটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন। তখন ওই এলাকায় পেশাগত দায়িত্ব পালন করছিলেন আলোকচিত্রী আনিস মাহমুদ, মো. নুরুল ইসলাম, শফি আহমদ, শামীম হোসাইন, জয়নাল আবেদীন ও মো. শাহীন আহমদ। তাঁরা আহত কামালকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
সংবর্ধিত ছয় আলোকচিত্রীকে ‘মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী’ উল্লেখ করে পুলিশ কমিশনার বলেন, ‘এঁরা যে কাজ করেছেন, সেটা কেবল কৃতজ্ঞতার মধ্যেই আমরা সীমাবদ্ধ রাখছি না। তাঁরা গোটা পুলিশ বাহিনীকে তাঁদের কাছে ঋণী করে ফেলেছেন।’
সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর পুলিশের গণমাধ্যম মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার মো. আয়ুব।