সিলেটের জলমহালে ১৫ লাখ টাকার মাছ লুট
সিলেট সদর উপজেলার গাংগিনা-খাটিয়া জলমহালের মাছ লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত খালোপার-মীরেরগাঁও মত্স্যজীবী সমিতির শত শত লোক এসব মাছ ধরে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গেলেও কোনো ব্যবস্থা নেয়নি। ইজারা পাওয়া মৌলাটিকর মত্স্যজীবী সমবায় সমিতির নেতারা অভিযোগ করেন, ইজারা না পাওয়ায় খালোপার-মীরেরগাঁও সমিতির লোকজন জলমহাল থেকে প্রায় ১৫ লাখ টাকার মাছ লুট করেছে।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, পুলিশ সেখানে গিয়ে মাছ ধরার বিষয়টি পর্যবেক্ষণ করেছে। পরিস্থিতির কারণে পুলিশ বাধা দেয়নি। এ ব্যাপারে লিখিত অভিযোগ দেওয়া হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসন সূত্র জানায়, মোগলগাঁও ইউনিয়নের ঝিলকার হাওর এলাকার গাংগিনা-খাটিয়া জলমহালটি মামলার কারণে প্রায় দুই বছর ইজারা দেওয়া যায়নি। সম্প্রতি মৌলাটিকর মত্স্যজীবী সমবায় সমিতি আদালতের নির্দেশে জলমহালটির ইজারা পায়। নির্ধারিত সরকারি রাজস্ব পরিশোধ করে গত বৃহস্পতিবার রাতে সমিতির লোকজন জলমহালের দখল নিতে যায়। সূত্র জানায়, ওই সময় জলমহালের ইজারাবঞ্চিত খালোপার-মীরেরগাঁও মত্স্যজীবী সমিতির পক্ষে মোগলগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) বিএনপি-সমর্থিত সাবেক চেয়ারম্যান এ কে এম আবদুল্লাহর নেতৃত্বে একদল লোক তাদের বাধা দেয়। সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রভাব খাটিয়ে জলমহালের ইজারা দিয়েছেন অভিযোগ তুলে মধ্যরাতে লামাকাজি এলাকায় তারা মিছিল করে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে মৌলাটিকর মত্স্যজীবী সমবায় সমিতি আবার জলমহালের দখল নিতে গেলে সাবেক ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে একদল লোক দ্বিতীয় দফা তাদের তাড়িয়ে দেয়। এ সময় আশপাশের এলাকার শত শত লোক নিয়ে তারা জলমহালে মাছ ধরা শুরু করে। সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে মাছ ধরা। মৌলাটিকর সমিতির অভিযোগ পেয়ে দুপুরে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়েও মাছ ধরা ঠেকাতে পারেনি। মৌলাটিকর সমিতির পরিচালক আয়াতউল্লাহ অভিযোগ করেন, ৯ মার্চ উচ্চ আদালতের রায়ে তাঁরা জলমহালটির ইজারা পান। বৃহস্পতিবার রাজস্ব পরিশোধ করে তাঁরা জলমহালের দখল নিতে গেলে ইজারাবঞ্চিতরা মাছ লুট করে। তিনি অভিযোগ করেন, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ, ইউপি সদস্য আবুল খায়ের, সুরুজ আলী ও শামসুল হকের নেতৃত্বে লুটপাট চলে। অন্তত ১৫ লাখ টাকার মাছ লুট হয়।জলমহালের মাছ গ্রামের মানুষ ধরেছে দাবি করে খালোপার-মীরেরগাঁও মত্স্যজীবী সমিতির সভাপতি আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমাদের জানামতে, স্থানীয় উপজেলা বা জেলা প্রশাসন থেকে এই জলমহাল ইজারা দেওয়া হয়নি। সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সেটির ইজারা দেন বলে সাধারণ মানুষ তাঁর বিরুদ্ধে মিছিল করেছে। পরে বিক্ষুব্ধ হয়ে তারা মাছ ধরে নিয়ে গেছে।’ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ দাবি করেন, ‘ওই এলাকায় একটি প্রভাবশালী চক্র জলমহালে অবৈধভাবে লুটপাট করছিল। গ্রামবাসীর নামে তারাই গতকাল সেটি লুটপাট করেছে। এ প্রক্রিয়ার বিরুদ্ধে আমার অবস্থান ছিল বলে তারা আমার বিরুদ্ধে বিক্ষোভ করেছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাবীব বলেন, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।