সিলেটের জাফলংয়ে ১০ বছরে পর্যটকদের সর্বোচ্চ উপস্থিতি!
সিলেটে ঈদের ছুটি কাটাতে পর্যটন স্পটগুলোতে মানুষের ঢল নেমেছে। দেশের বিভিন্ন অঞ্চলের পর্যটকদের পদচারণে মুখরিত হয়ে উঠেছে বৃহত্তর সিলেটের প্রত্যেকটি পর্যটনকেন্দ্র। স্থানীয় বাসিন্দাদের অভিমত, গত ১০ বছরে ঈদের ছুটিতে এবারই ছিল পর্যটকদের সর্বোচ্চ উপস্থিতি।গতকাল শনিবার দুপুরে সরেজমিনে গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে গিয়ে দেশি-বিদেশি হাজারও পর্যটকের ভিড় দেখা গেছে। পর্যটকদের আকর্ষণ ছিল জাফলংয়ের পিয়াইন নদী, কমলা বাগান, খাসিয়াপুঞ্জি ও পার্শ্ববর্তী বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা। প্রায় প্রত্যেক পর্যটক এসব এলাকা ঘুরে দেখার পাশাপাশি জাফলংয়ের চিরপরিচিত সাদা পাথরও সংগ্রহ করছেন।কুমিল্লার লাকসাম উপজেলার খায়রুল ইসলাম নামের এক পর্যটক বলেন, ‘অনেক দিন ধরেই জাফলং ও সিলেটের চা-বাগানগুলো দেখার ইচ্ছা ছিল। তাই এবার ঈদের ছুটিতে স্ত্রী-সন্তান নিয়ে এসেছি। এত এত মানুষের ভিড়, তবুও জাফলংয়ের রূপ-সৌন্দর্য দেখে মনে প্রশান্তি ছড়িয়ে পড়েছে।’গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী বলেন, ‘জাফলং দেখতে প্রতিদিনই বিপুলসংখ্যক পর্যটক ভিড় করে থাকেন। ঈদের মৌসুমে পর্যটকদের সংখ্যা অনেকটাই বেড়ে যায়। গত ১০ বছরের মধ্যে এবারের ঈদের ছুটিতে পর্যটকদের ছিল সর্বোচ্চ উপস্থিতি। সম্ভবত এর আগে গোয়াইনঘাটবাসী এত পর্যটকের উপস্থিতি চোখে দেখেনি। জাফলংয়ের হারানো রূপ-যৌবন ফিরিয়ে আনতে পারলে এটা হবে বাংলাদেশের পর্যটনক্ষেত্রে এক অপার সম্ভাবনার নাম।’সিলেট নগরের হোটেল গোল্ডেন সিটির আবাসিক ব্যবস্থাপক ইয়াছিন আরাফাত জানান, পর্যটকদের উপস্থিতিতে নগরের সবকটি হোটেল ছিল কানায় কানায় পূর্ণ। হোটেলের কোথাও নেই তিল ধারণের ঠাঁই।বৃহত্তর সিলেট ইতিহাস প্রণয়ন পরিষদের সাধারণ সম্পাদক কবি-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম বলেন, ‘পর্যটক ইবনে বতুতা থেকে শুরু করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যে হয়েছিলেন বিমোহিত। অথচ সেসব এখন অনেকটাই অতীত। এবারের ঈদে বিপুলসংখ্যক পর্যটকের উপস্থিতি এটাই নিশ্চিত করে যে, সিলেটের প্রতি দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের আলাদা আলাদা আকর্ষণ রয়েছে। তাই সরকারের উচিত, সিলেটের পর্যটনকেন্দ্রগুলোকে সংস্কার করে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা। তবেই সারা বছর পর্যটকদের এ ধরনের উপস্থিতি থাকবে।’