সিলেটের তিন উপজেলায় আজ হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস সরবরাহের দাবিতে সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট ও গোয়াইনঘাট উপজেলায় আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ‘জৈন্তা জনদাবি পরিষদ’ নামের একটি সংগঠন। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরকে সামনে রেখে এ হরতাল ডাকা হয়েছে। গতকাল বুধবার সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৫৫ সালে জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় বাংলাদেশে প্রথম প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও এলাকার মানুষ গ্যাস পায়নি। জৈন্তা জনদাবি পরিষদের আহ্বায়ক নাসির উদ্দিন জানান, গ্যাসের দাবিতে সংগঠনটির ডাকে প্রথম ১৯৯৪ সালের ১৯ নভেম্বর অর্ধদিবস হরতাল পালিত হয়েছিল। পরে ১৯৯৫ সালের ৭ ডিসেম্বর সিলেট গ্যাসক্ষেত্র ঘেরাও কর্মসূচি দেওয়া হলে তৎকালীন বিএনপি সরকার জনস্বার্থে জৈন্তাপুরে গ্যাস সংযোগের নিদের্শ দিয়েছিল। হরিপুর পর্যন্ত কিছু এলাকায় গ্যাস লাইন স্থাপন করা হয়। কিন্তু কানাইঘাট, জকিগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার মানুষ এই সুবিধা পায়নি।

নাসির উদ্দিন জানান, এলাকার স্বার্থে তাঁদের কর্মসূচির প্রতি রাজনৈতিক দলগুলোও একাত্ম। গ্যাস সংযোগ না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।