সিলেটের দুই চালক খুন, মাইক্রোবাস ছিনতাই
সিলেটের দুই চালককে খুন করে মাইক্রোবাস ছিনতাই হয়েছে। গতকাল বুধবার তাঁদের গলাকাটা লাশ গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত দুজন হলেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বারখাল এলাকার আবদুল মুমিন (৩০) ও সদর উপজেলার পীরেরবাজার এলাকার চৌধুরীপাড়ার মঞ্জুর আহমদ (২৬)। পুলিশ জানায়, গত সোমবার রাতে অজ্ঞাত দুই ব্যক্তি সিলেট নগরের ধোপাদীঘিরপাড় মাইক্রোবাস স্ট্যান্ড থেকে মুমিনের মাইক্রোবাস ভাড়া করে। যাত্রীদের গন্তব্য ঢাকার মিরপুরের উদ্দেশে রওনা হওয়ার সময় মুমিন তাঁর বন্ধু অপর মাইক্রোবাস চালক মঞ্জুরকে সঙ্গে নেন। এর পর থেকে তাঁরা নিখোঁজ ছিলেন।এ ব্যাপারে গাড়ির মালিক নগরের হাউজিং এস্টেটের বাসিন্দা রফিক চৌধুরী গত মঙ্গলবার ঢাকার মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। একই ঘটনায় একই দিন মাইক্রোবাস মালিকের পক্ষে আবুল হোসেন সিলেটের কোতোয়ালি থানায় জিডি করেন। গতকাল দুপুরে শ্রীপুর থানার পুলিশ স্থানীয় একটি বাগান থেকে লাশ দুটি উদ্ধার করে। চালক মুমিনের আত্মীয় লিলি বেগম জানান, পুলিশের মাধ্যমে খবর পেয়ে তাঁরা শ্রীপুর গিয়ে লাশ দুটি মুমিন ও মঞ্জুরের বলে শনাক্ত করেন। গাজীপুরে লাশের ময়নাতদন্ত হয়। রাতেই মুমিন ও মঞ্জুরের লাশ তাঁরা সিলেট নিয়ে আসেন। ধোপাদীঘিরপাড়ে জানাজা শেষে তাঁদের লাশ দাফন করা হয়। সিলেট কোতোয়ালি থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনিস রহমান প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা দুই চালককে খুন করে মাইক্রোবাসটি (নম্বর চট্ট-মেট্রো চ-১৮৮৬) নিয়ে পালিয়ে গেছে। শ্রীপুর থানার পুলিশ ঘটনা তদন্ত করছে।