সিলেটের নবনির্বাচিত মেয়রকে মিষ্টিমুখ করালেন অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীকে মিষ্টিমুখ করিয়ে অভিনন্দিত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সিটি নির্বাচনের পর গতকাল রোববার অর্থমন্ত্রী প্রথম সিলেটে এলে আরিফুল হক রাতে তাঁর বাসায় যান। এ সময় অর্থমন্ত্রী তাঁকে মিষ্টিমুখ করান। নবনির্বাচিত মেয়র ওই সময় সিলেট নগরের উন্নয়নে ১০টি প্রস্তাব লিখিত আকারে অর্থমন্ত্রীর হাতে তুলে দেন। গত ১৫ জুন সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন ১৮ দল-সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরী। গতকাল আরিফুল হক নগরের ধোপাদিঘিরপাড় এলাকায় অর্থমন্ত্রীর বাসায় গিয়ে তাঁর দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘নবনির্বাচিত মেয়র আরিফ আমার কাছে নগর উন্নয়নে সহযোগিতা চেয়েছেন। উন্নয়নের ব্যাপারে তাঁকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি। মেয়র কোন দলের, সেটা বিবেচ্য বিষয় নয়।’ আরিফুল হক প্রথম আলোকে বলেন, ‘১০টি লিখিত উন্নয়ন প্রস্তাব ছাড়াও অর্থমন্ত্রীকে আমি আমার নির্বাচনী ইশতেহারের বিষয়টি তুলে ধরেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে উন্নয়নের স্বার্থে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে। রাজনৈতিক কারণে উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্য হবে না।’
‘মানুষ পরিবর্তন পছন্দ করে’: ‘দেশের মানুষ পরিবর্তন পছন্দ করে বলেই সিটি নির্বাচনগুলোতে সরকারদলীয় প্রার্থী পরাজিত হয়েছে।’ এ মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি আরও বলেন, ‘মানুষ যত সুখ পায় ,তত বেশি চায়।’
গতকাল বিকেলে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়োজিত সিলেটের বহর পশ্চিম গ্রামের দরিদ্র ও অতিদরিদ্রদের মাঝে স্বাবলম্বী ঋণ বিতরণ অনুষ্ঠান শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘সিটি নির্বাচনে হারের প্রভাব জাতীয় নির্বাচনে কিছুটা পড়বে। এ জন্য সরকার যেসব জায়গায় অসুবিধাজনক অবস্থায় আছে, সেগুলো ভালো করতে হবে।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক শহীদুল ইসলাম, এসডিএফের পরিচালক এ জেড এম শাখাওয়াত হোসেন।:n: