সিলেটের পাঁচ রেস্তোরাঁকে ৭০ হাজার টাকা জরিমানা
সিলেটে ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে পাঁচটি রেস্তোরাঁকে জারিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর নেতৃত্বে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত ওই পাঁচটি রেস্তোরাঁয় অভিযান চালান। ভেজাল খাবার, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও নিবন্ধন না থাকায় প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।বিএসটিআইয়ের কর্মকর্তারা জানান, নগরের সোবহানীঘাটের ‘দিলখোশ’ ও শিবগঞ্জের ‘প্রেসিডেন্ট’ রেস্তোরাঁর রান্নাঘরে পচা ঘি পাওয়া গেছে। মেন্দিবাগের একটি রেস্তোরাঁ ‘ফুড গার্ডেন’ ও বন্দরবাজারের ‘জোনাকী’ রেস্তোরাঁয় অপরিচ্ছন্ন ও খোলামেলা পরিবেশে খাবার তৈরি করতে দেখা গেছে। শিবগঞ্জের ‘করাচী’ রেস্তোরাঁর নিবন্ধন নেই।নির্বাহী হাকিম মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, নগরের অনেক রেস্তোরাঁ রয়েছে, যেগুলোর খাবারের মান রক্ষা করা হয় না। এসব রেস্তোরাঁর অনেকগুলোই নিবন্ধনহীন।