সিলেটের পাঁচটি চা-বাগানে শ্রমিকদের কর্মবিরতি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজুরি বাড়ানো ও স্বতন্ত্র মজুরি বোর্ড গঠনের দাবিতে সিলেটের পাঁচটি চা-বাগানে শ্রমিকেরা গতকাল বৃহস্পতিবার থেকে কর্মবিরতি শুরু করেছেন। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের শাখা সংগঠন চা-শ্রমিক সংঘ এই কর্মসূচি পালন করছে।

সকালে সিলেটের মালনীছড়া, হিলুয়াছড়া, তারাপুর, লোভাছড়া, কালাগুল চা-বাগানের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বাগানের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা বিক্ষোভ মিছিল করেন।

চা-শ্রমিক সংঘের সিলেট ভ্যালি কমিটির সভাপতি জয় মাহত্ম কুর্মি জানান, শ্রমিকদের মতামত গ্রহণ না করে সম্প্রতি চা-শ্রমিক ইউনিয়নের একটি অংশ শ্রমিকদের মজুরি ১২০ টাকা এবং অপর অংশ ১৫০ টাকা করার দাবিতে ধর্মঘট আহ্বান করে। এর মাধ্যমে তারা শ্রমিকদের স্বার্থের প্রতি অবহেলা করেছে। তারা মূলত মালিকপক্ষের দালালি করেছে। শ্রমিকদের মজুরি ৩০০ টাকা করার দাবি জানিয়ে তাঁরা কর্মবিরতি শুরু করেছেন বলে জয় মাহত্ম জানান।

চা-শ্রমিক সংঘের কর্মবিরতির প্রতি সমর্থন জানিয়েছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের নেতারা। সংগঠনের সিলেট জেলা শাখার সভাপতি নুরুল হুদা ও সাধারণ সম্পাদক রূপক দাস গতকাল এক যুক্ত বিবৃতিতে চা-শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য বাগানমালিকদের প্রতি আহ্বান জানান।