সিলেটের পাঁচটিতে আ.লীগের প্রার্থী চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দলীয় সমর্থনের একক প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ৷ গত শনিবার রাতে সিলেট জেলা আওয়ামী লীগ জরুরি সভা করে প্রার্থী চূড়ান্ত করে৷ সভায় জেলার ছয়টি উপজেলার মধ্যে পাঁচটিতে একক প্রার্থী চূড়ান্ত করা হয়৷
গতকাল রোববার জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান৷ আজ সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে পাঁচ উপজেলায় আওয়ামী লীগের একক প্রার্থী ছাড়া অন্যদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে দল থেকে অনুরোধ করা হবে৷
দলীয় কার্যালয়ে রাত আটটায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি আবদুজ জহির চৌধুরী৷ সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন উপস্থিত ছিলেন৷ তৃণমূলের জনপ্রিয়তা বিবেচনায় প্রার্থী চূড়ান্ত করা হয়৷ বিশ্বনাথ উপজেলায় চেয়ারম্যান পদে ফিরুজ খান পংকি, ভাইস চেয়ারম্যান পদে আলতাব হোসেন ও নারী ভাইস চেয়ারম্যান পদে শারমিন রহমান চৌধুরী; গোলাপগঞ্জে ওই তিন পদে যথাক্রমে ইকবাল আহমদ চৌধুরী, শরফ উদ্দিন, নাদিরা বেগম; গোয়াইনঘাটে লুত্ফুর রহমান, জামাল উদ্দিন, আফিয়া বেগম; জৈন্তাপুরে মোহাম্মদ আবদুল্লাহ, সিরাজুল ইসলাম, জয়মতি রানী; জকিগঞ্জে লোকমান উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার ও সাজনা সুলতানা চৌধুরী৷
কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে একক প্রার্থী চূড়ান্ত হয়নি৷ ভাইস চেয়ারম্যান পদে হুমায়ুন কবির, নারী ভাইস চেয়ারম্যান পদে রমা রানী দাসের নাম চূড়ান্ত হয়েছে৷
জেলায় দলের উপ-দপ্তর সম্পাদক জানান, সোমবার (আজ) মনোনয়নপত্র প্রত্যাহারের দিন কোম্পানীগঞ্জে চেয়ারম্যান পদে একক প্রার্থী চূড়ান্ত হবে৷