সিলেটের পেট্রলপাম্পে হঠাৎ ধর্মঘট, বিপাকে চালক-যাত্রীরা

সিলেটের দক্ষিণ সুরমায় একটি সিএনজি অ্যান্ড পেট্রল ফিলিং স্টেশনে হামলা ও লুটপাট এবং থানায় মামলা না নেওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট সিএনজি ও পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া গতকাল মঙ্গলবার সকাল থেকে এ কর্মসূচি শুরু হওয়ায় ভোগান্তিতে পড়েছেন গাড়ির চালকেরা।
গতকাল সকাল থেকে সিলেট জেলার পেট্রলপাম্পগুলোতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে বলে সংগঠনের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান চৌধুরী জানিয়েছেন।
এদিকে এ ধর্মঘটের বিরোধিতা করে এবার পাল্টা পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়ন। গতকাল সন্ধ্যায় নগরের পুরাতন রেলস্টেশন এলাকায় এক জরুরি বৈঠক শেষে সংগঠনের সভাপতি সেলিম আহমদ এ ঘোষণা দেন। পরে পরিবহনশ্রমিকেরা একটি বিক্ষোভ মিছিলও বের করেন। এ সময় পেট্রলপাম্প মালিকদের ‘নৈরাজ্য’ বন্ধে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন তাঁরা। গতকাল বিকেল সাড়ে চারটায় নগরের চৌকিদেখী এলাকার উত্তরা পেট্টলপাম্পের সামনে গিয়ে দেখা গেছে, পাম্পের সামনের রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কয়েক শ সিএনজিচালিত অটোরিকশা, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ সারি কেবল দীর্ঘই হচ্ছে। জ্বালানির অভাবে বেশির ভাগ যানবাহনের চলাচল বন্ধ হয়ে পড়লে চালকেরা পাম্পের সামনে ভিড় জমাচ্ছেন। প্রায় একই অবস্থা দেখা গেছে নগরের আম্বরখানা, দক্ষিণ সুরমা, সোবহানীঘাট, শিবগঞ্জ, টিলাগড়, ত্রিমুখী, সুবিদবাজার এলাকায় অবস্থিত সাতটি ফিলিং স্টেশনের সামনের রাস্তায়। এসব স্টেশনে কর্মরত তিনজন কর্মচারী বলেন, মালিকদের নির্দেশনা অনুযায়ী তাঁরা গ্যাস ও জ্বালানি তেল বিক্রি বন্ধ রেখেছেন।
চৌকিদেখী এলাকায় বেলা সাড়ে চারটায় কথা হয় অটোরিকশার চারজন চালকের সঙ্গে। তাঁরা জানান, নিয়ম অনুযায়ী সকালবেলা গ্যাস ভরে তাঁরা যাত্রী পরিবহনের কাজ শুরু করেন। কিন্তু আকস্মিক ধর্মঘটের কারণে জ্বালানি ভরতে না পেরে সকাল থেকে পাম্পের সামনে দাঁড়িয়ে আছেন। এ অবস্থায় গতকাল তাঁদের উপার্জনবিহীন একটা দিন কেটেছে।
গ্যাস-সংকটের কারণে গতকাল দুপুরের পর থেকে নগর ও শহরতলিতে যানবাহন চলাচল কমতে শুরু করে। এতে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা। খাদিমনগর এলাকার যাত্রী চাকরিজীবী অপরেশ রায় বলেন, ‘সিএনজি অটোরিকশা আর টেম্পো চলাচল কমে যাওয়ায় যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। যাত্রীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে রিকশাচালকেরা অতিরিক্ত ভাড়া আদায় করছে।’
জেলা সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ প্রথম আলোকে বলেন, একটি ঘটনাকে কেন্দ্র করে নির্দোষ কিছু পরিবহনশ্রমিক ও নেতাদের জড়িয়ে মিথ্যা মামলা দিয়ে পেট্রলপাম্প কর্তৃপক্ষ হয়রানির চেষ্টা করছে। ধর্মঘট প্রত্যাহার করা না হলে এর প্রতিবাদে জেলা সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়ন কাল বৃহস্পতিবার থেকে পরিবহন ধর্মঘট পালন করবে।
সিলেট সিএনজি ও পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান চৌধুরী বলেন, গত সোমবার বিকেলে দক্ষিণ সুরমার সাউথ সুরমা সিএনজি অ্যান্ড পেট্রল ফিলিং স্টেশনে কয়েকজন যুবক ভাঙচুর চালিয়ে লুটপাট করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ তা নেয়নি। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করা হয়েছে।
তবে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান মামলা গ্রহণ না করার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে নিরপরাধ কয়েকজনকে মামলার আবেদনে আসামি করা হয়েছিল। তাঁদের নাম বাদ দিয়ে কেবল দোষীদের নাম অন্তর্ভুক্ত করে তাঁদের মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়েছিল। তাই মামলা গ্রহণ না করার অভিযোগটি সত্য নয়।’