সিলেটের প্রথম পদচারী সেতু কোর্ট পয়েন্টে
সিলেটের কোর্ট পয়েন্ট। চার রাস্তার মিলনস্থলে রাজনৈতিকসহ বিভিন্ন সংগঠনের সভা-সমাবেশের জন্য অনিবার্য একটি স্থান। একটি সভা কিংবা সমাবেশ হলেই কোর্ট পয়েন্ট দিয়ে যান চলাচল তো দূরের কথা, পথচলাও দায় হয়ে পড়ে। এ অবস্থায় নগরজুড়ে যানজটে নাকাল হতে হয় নগরবাসীকে। এ অবস্থা কাটাতে দাবি ছিল পদচারী-সেতু (ফুটওভারব্রিজ) নির্মাণের। অবশেষ পদচারী-সেতু হচ্ছে কোর্ট পয়েন্টে।
২০০৮ সালে জাতীয় নির্বাচনের প্রাক্কালে স্থানীয় সাংসদ হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ঘোষণা দিয়েছিলেন পদচারী-সেতু নির্মাণের। কিন্তু বাস্তবায়ন আর হচ্ছিল না। অবশেষে সিটি করপোরেশনের তদারকির মাধ্যমে চলতি মাসে পদচারী-সেতুর স্থান নির্ধারণ করে শুরু হয়েছে নির্মাণকাজ।
সিটি করপোরেশন সূত্র জানায়, ২০০৮ সালে পদচারী-সেতু নির্মাণের সিদ্ধান্ত হলেও এ বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতে নির্মাণকাজ শুরুর সিদ্ধান্ত হয়। স্থান নির্ধারণ করতে একাধিক জরিপ চালিয়ে শেষে কোর্ট পয়েন্টকে বেছে নেওয়া হয়েছে। এই মোড়কে কেন্দ্র করে পদচারী-সেতু হলে কোর্ট পয়েন্টের পার্শ্ববর্তী সুরমা পয়েন্ট, বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকা দিয়ে চলাচলকারী জনসাধারণ এই সেতু ব্যবহারের সুযোগ পাবে। প্রায় ১ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে ‘ফুটওভারব্রিজ প্রকল্প’ বাস্তবায়ন করছে বাংলাদেশ ইস্পাত অ্যান্ড প্রকৌশল করপোরেশন তার নিজস্ব কোম্পানি দিয়ে ‘চিটাগাং ড্রাই ডক লিমিটেড’-এর মাধ্যমে।
প্রকল্প সূত্রে জানা গেছে, সিলেটের প্রথম পদচারী-সেতু হওয়ায় এটি দৃষ্টিনন্দন করে নির্মাণের দিকটিও প্রাধান্য দেওয়া হবে। সব মিলিয়ে ছয়টি সিঁড়ি থাকবে। ছয় দিক থেকেই ব্যবহার করতে পারবেন পথচারীরা। কোর্ট পয়েন্টের ট্রাফিক মোড় হবে সেতুর প্রধান ফটক। কালেক্টরেট মসজিদের অংশ, সেন্ট্রাল মার্কেটের একাংশ ও মধুবন সুপার মার্কেটের সামনের রাস্তার অংশে থাকবে সেতুর ভিত্তি।
সেতুর শুরু দিকের কাজ তদারক করতে সম্প্রতি চিটাগাং ড্রাই ডক লিমিটেডের একদল প্রকৌশলী ও কর্মকর্তা সিলেটে আসেন। সরেজমিনে কাজ তদারক করে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সিলেটে সুরমা নদীর ওপর ব্রিটিশ ঐতিহ্যের কিনব্রিজ নির্মিত হয়েছে লোহা দিয়ে। সেই নির্মাণশৈলীর সঙ্গে সামঞ্জস্য রেখে পদচারী-সেতুও তৈরি করা হবে। ইতিমধ্যে সেতুর অবকাঠামো সম্পূর্ণ লোহা দিয়ে তৈরির কাজ চট্টগ্রামের একটি কারখানায় সম্পন্ন হয়েছে। গত শুক্রবার শুরু হয়েছে প্রতিস্থাপনসংক্রান্ত কাজ। আগামী তিন মাসের মধ্যে পদচারী-সেতুর নির্মাণ সম্পন্ন হবে বলে তাঁরা আশা করছেন।
এবার পদচারী-সেতুর নির্মাণকাজও একইভাবে সম্পন্ন হবে জানিয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব প্রথম আলোকে বলেন, সিলেটের জন্য নতুন প্রকল্প এটি। বাস্তবায়ন হচ্ছে প্রথম। নতুন ও প্রথম হওয়ায় কাজের দিকে সবার নজর রয়েছে। নির্মাণের সুফল দেখে নগরে আরও কয়েকটি স্থানে পদচারী-সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।