সিলেটের প্রাচীনতম বিদ্যাপীঠের ১৭৫ বছর পূর্তি উত্সব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের প্রাচীনতম বিদ্যাপীঠ সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তিতে তিন দিনের অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উচ্ছ্বাস-উদ্দীপনায় বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আজ শুক্রবার পূর্তি অনুষ্ঠানের মূল অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।গতকাল বিকেল সাড়ে তিনটায় নগরের কালীঘাট এলাকার বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয় পুরো বিদ্যালয়। নেচে-গেয়ে শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন। শব্দবর্ধক যন্ত্র নিয়ে বাউল বিরহী কালা মিয়া গাইছিলেন বাউল সম্রাট শাহ আবদুল করিমের বিখ্যাত গান ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম...’। বাউলের কণ্ঠে তাল মিলিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া সব শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন হারিয়ে যাওয়া সোনালি দিনগুলোর স্মৃতি রোমন্থনে। এর আগে কবুতর ও বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, এ প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীরা পড়াশোনার পাঠ শেষে বাংলাদেশের প্রতিটি অঙ্গনে মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে দেশ গড়ার মহান কাজে ব্রতী রয়েছেন।আয়োজক সূত্রে জানা যায়, পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিতে ইতিমধ্যে বিদ্যালয়ের এক হাজার ৮০০ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী নাম নিবন্ধন করেছেন। লাল-নীল ফেস্টুন, ব্যানার আর ফুলে বিদ্যালয়কেও সাজানো হয়েছে বর্ণিল সাজে। আজ শুক্রবার সোয়া ১০টায় পায়রা ও বেলুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। উদ্বোধনী অনুষ্ঠানের পরপর শিক্ষার্থীদের স্মৃতিচারণ, সেচ্ছায় রক্তদান, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে।