সিলেটের ফুটপাত হকারদের দখলে
সিলেট নগরের অতি গুরুত্বপূর্ণ জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা ও আম্বরখানা এলাকায় ফুটপাত রয়েছে অন্তত ১০ কিলোমিটার। এর ৮৫ শতাংশই ভাসমান ব্যবসায়ীদের দখলে চলে গেছে।
পুলিশ ও সিটি করপোরেশন কর্তৃপক্ষ বলছে, ঈদুল ফিতর সামনে রেখে ক্ষুদ্র ব্যবসায়ীরা (হকার) ফুটপাত দখল করে রমরমা ব্যবসা চালাচ্ছেন। ঈদ শেষে তাঁদের উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হবে।
সরেজমিনে দেখা গেছে, নগরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই চারটি এলাকা ঘিরে কেনাকাটা করতে আসা মানুষের ভিড় সবচেয়ে বেশি। আর এই সুযোগ নিয়ে হকাররা এসব এলাকার ফুটপাত দখল করে কাপড়, জুতা, প্রসাধনীসহ নানা পণ্য নিয়ে বসেছেন। ফুটপাত ছাড়াও রাস্তার অনেক অংশ দখল করে রেখেছেন তাঁরা। এ কারণে পথচারীদের পাশাপাশি যান চলাচলেও সমস্যা হচ্ছে।
গত শনিবার দুপুরে বন্দরবাজারে কথা হয় আমানউল্লাহ নামের এক বেসরকারি চাকরিজীবীর সঙ্গে। তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে ঈদের কেনাকাটা করতে এসেছেন। আমানউল্লাহ বলেন, ‘ফুটপাত দখল হয়ে যাওয়ায় কেনাকাটা করতে আসা লোকজনের পথ চলতে সমস্যা হচ্ছে। কেন যে হকারদের উচ্ছেদ করা হয় না, বুঝতে পারছি না।’
এদিন নগরের বিভিন্ন এলাকার অন্তত ছয়জন বাসিন্দার সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়। তাঁরা সবাই অভিযোগ করেন, রোজা শুরু হওয়ার সপ্তাহ খানেকের মধ্যে গুরুত্বপূর্ণ চারটি এলাকার ফুটপাত হকারদের দখলে চলে যায়। কিন্তু প্রশাসন তাঁদের উচ্ছেদে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ফুটপাত দখলমুক্ত রাখার কাজ সিটি করপোরেশনের। তবে ফুটপাত ও রাস্তা দখল হয়ে যাওয়ায় নগরে যানজট আগের চেয়ে বেড়েছে, এটা সত্যি।
এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, ঈদের আগে ফুটপাতের দোকান উচ্ছেদ করা আর সম্ভব নয়। ঈদ শেষে এসব হকারকে ফুটপাতে ব্যবসা করতে দেখলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।