সিলেটের বরখাস্তকৃত মেয়র আরিফুলের ১৫ দিনের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় হাইকোর্ট থেকে ১৫ দিনের জামিন পেয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। আদালতে আরিফুল হকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।
পরে বশির উল্লাহ প্রথম আলোকে বলেন, মায়ের অসুস্থতার জন্য আদালত আরিফুল হকের ১৫ দিনের জামিন মঞ্জুর করেছেন।
কিবরিয়া হত্যা মামলায় ২০১৪ সালের ১০ ডিসেম্বর আরিফুল হক চৌধুরী, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১ জনের নাম যোগ করে সংশোধিত সম্পূরক অভিযোগপত্র দেয় পুলিশ। ওই বছরের ২১ ডিসেম্বর এই ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে আরিফুল হক গ্রেপ্তার হন। পরে তাঁকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।