সিলেটের মেয়র আরিফুলের ১৫ দিনের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার আসামি আরিফুল হক চৌধুরী হাইকোর্ট থেকে ১৫ দিনের জামিন পেয়েছেন।

বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এই আদেশ দেন। আদালতে আরিফুল হকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।
পরে বশির উল্লাহ প্রথম আলোকে বলেন, মায়ের অসুস্থতার জন্য আদালত আরিফুল হকের ১৫ দিনের জামিন মঞ্জুর করেছেন।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলার শিকার হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। ঢাকা নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ওই মামলায় ২০১৪ সালের ১০ ডিসেম্বর সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১ জনের নাম যোগ করে সংশোধিত সম্পূরক অভিযোগপত্র দেয় পুলিশ। ২১ ডিসেম্বর ওই ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে আরিফুল গ্রেপ্তার হন। পরে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।