
সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীকে দ্বিতীয় দফায় সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। আরিফুলের করা একটি রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে গতকাল সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন।
উচ্চ আদালতের নির্দেশে দুই বছর তিন মাস পর গত রোববার মেয়রের দায়িত্ব নিয়েছিলেন আরিফুল হক। কিন্তু দুই ঘণ্টার মাথায় তাঁকে আবার সাময়িক বরখাস্ত করা হয়। এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন আরিফুল।
একইভাবে বরখাস্ত হওয়া রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল আজ মঙ্গলবার হাইকোর্টে রিট করবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী আমিনুল হক। উচ্চ আদালতের আদেশে মোসাদ্দেক হোসেনও রোববার দায়িত্ব নিয়েছিলেন। চেয়ারে আট মিনিট বসার পর তাঁকে আবার বরখাস্ত করা হয়।
রাজশাহী ও সিলেটের পাশাপাশি হবিগঞ্জের পৌর মেয়র জি কে গউছকেও বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বিএনপির সিলেট ও রাজশাহীর নেতারা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
আদালতে শুনানি
আরিফুল হকের পক্ষে গতকাল আদালতে শুনানিতে ছিলেন আইনজীবী মইনুল হোসেন ও আবদুল হালিম। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। শুনানিতে আরিফুলের আইনজীবী বলেন, সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় অভিযোগপত্র দাখিলের পর আরিফুল হককে সাময়িক বরখাস্ত করা হয়। হাইকোর্ট এই বরখাস্তের আদেশ স্থগিত করেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলে গেলে আদালত ‘নো অর্ডার’ দেন। ফলে হাইকোর্টের আদেশ বহাল থাকে। সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলার মামলায় ১২ বছর পর সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। এতে তাঁকে আসামি করা হয়। এর ভিত্তিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা উদ্দেশ্যপ্রণোদিত। অন্যদিকে রাষ্ট্রপক্ষ বলেছে, আইন মেনেই সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে।
দুই পক্ষের শুনানি শেষে আদালত এক রুলে ২০০৯ সালের স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের ১২(১) কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না এবং সাময়িক বরখাস্তের আদেশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চান। স্থানীয় সরকার সচিব, সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেটের জেলা প্রশাসক, সিলেটের পুলিশ কমিশনারসহ বিবাদীদের তিন দিনের মধ্যে রুলের জবাব দিতে হবে। ৯ এপ্রিল এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।
আইনজীবী আবদুল হালিম প্রথম আলোকে বলেন, হাইকোর্টের স্থগিতাদেশের ফলে আরিফুল হকের দায়িত্ব পালনে আইনগত বাধা নেই। তবে এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করা হবে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
‘বিরোধী রাজনীতি দমন ও গণতন্ত্র হরণ’
নিজস্ব প্রতিবেদক, সিলেট জানান, দুটি মামলায় আরিফুল হক চৌধুরীকে অভিযুক্ত করা হয়েছে সম্পূরক অভিযোগপত্রের মাধ্যমে। এর মধ্যে হবিগঞ্জে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার ঘটনার প্রায় ১০ বছর পর তৃতীয় দফা তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সম্পূরক অভিযোগপত্র দিয়ে আরিফুল হককে অভিযুক্ত করে। আবার সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে বোমা হামলার ঘটনার ১২ বছর পর ওই মামলার সম্পূরক অভিযোগপত্র দিয়ে অভিযুক্ত করা হয় আরিফুলকে।
আলোচিত এই দুই ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরিফুলের বিরুদ্ধে বর্তমানে চারটি মামলা চলমান রয়েছে। এর মধ্যেই আদালতের নির্দেশে গত ৩০ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে মেয়রের দায়িত্ব গ্রহণ-সংক্রান্ত চিঠি পেয়ে আরিফুল হক দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু চেয়ারে বসার দুই ঘণ্টার মাথায় ফের বরখাস্ত আদেশ পান।
আরিফুল হক বলেছেন, ‘মন্ত্রণালয়ের আদেশের বিরুদ্ধে আমি আইনি লড়াই চালাচ্ছি। একই সঙ্গে জনগণের কাছেও আমি বিচারের ভার দিলাম। জনগণ ভোটের মাধ্যমে এই অবিচারের জবাব অবশ্যই দেবেন।’
প্রতিক্রিয়া
আরিফুল হক চৌধুরী, মোসাদ্দেক হোসেন ও জি কে গউছকে বরখাস্তের মধ্য দিয়ে সরকারের বিরোধী রাজনীতি দমন ও গণতন্ত্র হরণের বিষয়টি প্রকাশ পেয়েছে বলে মনে করেন সিলেট নগর বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হক। প্রথম আলোকে তিনি বলেন, সরকারের এমন আচরণে সিলেট, হবিগঞ্জ ও রাজশাহী নগরবাসী মর্মাহত ও আশাহত।
বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন, বিএমএ সিলেটের সাবেক সভাপতি শাহরিয়ার হোসেন, সিলেট নগরের সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলার সভাপতি আবুল কাহের চৌধুরী ও সাধারণ সম্পাদক আলী আহমদ যৌথ বিবৃতি দিয়ে সিলেট, রাজশাহী ও হবিগঞ্জের মেয়রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির ক্ষমতা বহালের দাবি জানিয়েছেন।
তিন মেয়রকে বরখাস্তের ঘটনার নিন্দা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু এবং রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক। সংবাদ বিজ্ঞপ্তিতে মিজানুর রহমান বলেন, এ সিদ্ধান্ত আইনি প্রক্রিয়ার পরিপন্থী, সরকারের প্রতিহিংসামূলক আচরণের বহিঃপ্রকাশ এবং জনগণের রায়ের সঙ্গে নজিরবিহীন তামাশা।
রাজশাহীতে বেতন নিয়ে অনিশ্চয়তা
রাজশাহীর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি জানান, পদে ফেরামাত্রই মেয়র মোসাদ্দেক হোসেন বরখাস্ত হওয়ায় শূন্যতা বিরাজ করছে রাজশাহী সিটি করপোরেশনে। নগর ভবনে এখন নির্বাচিত মেয়রও নেই, দায়িত্বপ্রাপ্ত মেয়রও নেই। এ অবস্থায় মাসের শুরুতে সংস্থাটির প্রায় আড়াই হাজার কর্মকর্তা-কর্মচারীর বেতন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
রাজশাহী সিটি করপোরেশনে বর্তমানে নিয়মিত কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় ৫০০। অনিয়মিত (মাস্টাররোল) কর্মচারী আছেন প্রায় দুই হাজার। প্রতি মাসের ১ থেকে ৭ তারিখের মধ্যে প্রায় চার কোটি টাকা বেতন-ভাতা পরিশোধ করা হয়। কিন্তু ৩ তারিখ পার হলেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বেতন-ভাতা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।