সিলেটের রজ্জুপথ বিক্রি নয়, রক্ষায় একমত সবাই
বিক্রি নয়, রেলের ঐতিহ্য হিসেবে রজ্জুপথ (রোপওয়ে) রক্ষায় সবাই একমত। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পাথর ব্যবসায়ীরা এ ব্যাপারে একই মত পোষণ করেন৷
তবে এর রক্ষণাবেক্ষণ শুধু রেলওয়ে কর্তৃপক্ষের হাতে ছেড়ে না দিয়ে জেলা প্রশাসন থেকে একজন নির্বাহী হাকিম নিযুক্ত করার পরামর্শ দেওয়া হয়৷ পাশাপাশি পুলিশ কিংবা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) স্থায়ী ক্যাম্প স্থাপনের প্রস্তাব দেওয়া হয়৷
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে পাথর কোয়ারির পাশেই অবস্থিত বাংলাদেশের একমাত্র রজ্জুপথ বাংকার। ৩৫৯ একর আয়াতনের বাংকারের জায়গা রজ্জুপথের লোডিং স্টেশন ও মূল্যবান যন্ত্রপাতি ছাড়াও রেলের নানা ধরনের অবকাঠামো রয়েছে। রেলের ঐতিহ্যবাহী ওই স্থাপনার দেখভাল করার দায়িত্ব দেওয়া হয় রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে (আরএনবি)৷
দুই বছর ধরে সেখানকার মাটি খুঁড়ে পাথর লুটপাট অব্যাহত থাকায় সম্প্রতি আরএনবি পুরো স্থাপনা বিক্রির প্রস্তাব েদয়৷ এ নিয়ে গত ২৮ এপ্রিল প্রথম আলোয় ‘রজ্জুপথ বিক্রির প্রস্তাব!’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাতি হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল জেলা প্রশাসনের রাজস্ব শাখা বিশেষ সভার আয়োজন করে৷ বিকেল চারটায় জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সভা শুরু হয়।