সিলেটের রাস্তায় গর্ত উল্টে যায় রিকশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাস্তার এপাশ থেকে ওপাশজুড়ে খানাখন্দ। বিশাল গর্তে জমেছে বৃষ্টির পানি। দুর্ভোগের পাশাপাশি ঝুঁকি মাথায় নিয়ে চলাচল করছে গাড়ি। গত মঙ্গলবার নগরের পাঠানটোলা এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
রাস্তার এপাশ থেকে ওপাশজুড়ে খানাখন্দ। বিশাল গর্তে জমেছে বৃষ্টির পানি। দুর্ভোগের পাশাপাশি ঝুঁকি মাথায় নিয়ে চলাচল করছে গাড়ি। গত মঙ্গলবার নগরের পাঠানটোলা এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা। অঝোরে বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টিতে স্ত্রীকে নিয়ে মহাজনপট্টি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন মো. মনিরুজ্জামান। তাঁর বাসা নগরের কাজীটোলায়। জেলরোড এলাকায় পৌঁছাতেই একটি বড় গর্তে পড়ে তাঁদের বহনকারী রিকশাটি উল্টে যায়।
রিকশাটি উল্টে গিয়ে মনিরুজ্জামানের স্ত্রী হাসনা বেগমের ডান হাত মচকে যায়। মহাজনপট্টি কেনাকাটার পরিবর্তে একই রিকশায় স্ত্রীকে নিয়ে হাসপাতালের দিকে ছোটেন মনিরুজ্জামান।
নগরবাসীর ভাষ্য, সিলেট নগরের প্রায় রাস্তাঘাটই খারাপ। এগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিনই কোথাও না কোথাও এভাবে দুর্ঘটনা ঘটছে।
এদিন নগরের কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়ক খানাখন্দে ভরা। ছোট-বড় অসংখ্য গর্তে বৃষ্টির পানি জমে আছে। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
বন্দরবাজার, ধোপাদিঘিরপাড়, জেলরোড, নয়াসড়ক, পাঠানটোলা, সাগরদিঘিরপাড়, লালদিঘিরপাড়, রায়নগর, দর্জিপাড়া, আম্বরখানা, আখালিয়া, করেরপাড়া, কাজীটোলা, লোহারপাড়া, টিভিগেট, বালুচর, কালীঘাট, ছড়ারপাড়, উপশহর, লামাপাড়া, ভাতালিয়া ও কুয়ারপাড় এলাকার রাস্তা প্রায় বিধ্বস্ত। বেশির ভাগ স্থানের পিচ, পাথর ও ইটের খোয়া উঠে গেছে।
রায়নগর এলাকার গৃহিণী সানজিদা আক্তার বলেন, ‘দুই বছর ধরি আমরার পাড়ার রাস্তা ভাঙি রইছে। মেরামতের নাম অই কেউ লয় না!’
সড়কগুলোর এমন করুণ অবস্থার জন্য কর্তৃপক্ষই দায়ী বলে মন্তব্য করলেন কুয়ারপাড় এলাকার স্কুলশিক্ষক সঞ্জয় কুমার নাথ। তাঁর মতে, বৃষ্টির মৌসুম শুরুর আগেই সংস্কারের উদ্যোগ নিলে নগরবাসীকে এমন দুর্ভোগ পোহাতে হতো না।
সিটি করপোরেশনের একজন প্রকৌশলী জানান, জুনের পর টানা বৃষ্টিতে নগরের প্রায় ২৫ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে বিধ্বস্ত ছিল আরও অন্তত ১৫ কিলোমিটার রাস্তা। সব মিলিয়ে বর্তমানে ৪০ কিলোমিটার রাস্তা বেহাল।
যোগাযোগ করলে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, ‘জনদুর্ভোগের কারণে গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে আমরা কিছু ইট-বালু দিয়ে জরুরি সংস্কারকাজ করিয়েছি। বৃষ্টির মৌসুম শেষ হলে দ্রুতই দরপত্র আহ্বানের মাধ্যমে রাস্তার কাজ শুরু করা হবে। নগরের অভ্যন্তরে সওজের রাস্তাগুলো সংস্কারের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেছি।’
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম দাবি করেন, নগরের মধ্যে সওজের ২০ থেকে ২৫ কিলোমিটার রাস্তা রয়েছে। দু-একটি রাস্তা বাদে তাদের অধীনে থাকা অধিকাংশ রাস্তা চলাচলের উপযোগী অবস্থায় রয়েছে। যেসব রাস্তা ভাঙাচোরা, বৃষ্টি কমলেই সেখানে সংস্কারকাজ শুরু করা হবে।