সিলেটের রাস্তায় নারী ট্রাফিক পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে রাস্তায় গতকাল রোববার প্রথমবারের মতো নামানো হয়েছে নারী ট্রাফিক পুলিশ। পরীক্ষামূলকভাবে ১০ জনের একটি দল গতকাল সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত নগরের ব্যস্ততম নাইওরপুল, কুমারপাড়া, মীরের ময়দান ও জিন্দাবাজার এলাকায় দায়িত্ব পালন করেছেন। মূলত শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক যানজট মোকাবিলায় তাদের এ দায়িত্ব দেওয়া হয়েছে।গতকাল দুপুরে নাইওরপুল মোড়ে গিয়ে দেখা যায়, কর্তব্যরত পুরুষ ট্রাফিকের পাশাপাশি ইফফাত আরা ও রুমেলা মমতাজ দায়িত্ব পালন করছেন। জীবনে প্রথম মাঠে কাজ করার অভিজ্ঞতা ব্যক্ত করতে দুজনের প্রতিক্রিয়া প্রায় অভিন্ন। কিছুটা আবগাপ্লুত হয়ে ইফফাত আরা (১৯) বলেন, ‘আমি যানজট নিয়ন্ত্রণে প্রশিক্ষণ নিয়েছি। এখন প্রশিক্ষণটা মাঠে নেমে কাজে লাগানোর সুযোগ পেলাম।’রুমেলা মমতাজ বলেন, ‘কাজে নামার আগে মনে হয়েছিল কঠিন। মনে হয় পারব। কোনো অসুবিধা হচ্ছে না। তবে সাধারণ মানুষের অতি উত্সুক দৃষ্টি মনোযোগে কিছুটা ব্যাঘাত ঘটিয়েছে।’মীরের ময়দান এলাকার গৃহিণী রুনা ফেরদৌস আরা তাঁর মেয়েকে ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে আনতে গিয়ে নারী ট্রাফিক পুলিশকে কর্তব্যরত অবস্থায় দেখে এ প্রতিবেদককে বলেন, ‘এবার রাস্তা পারাপারে নারী ও শিশুদের আর বিড়ম্বনায় পড়তে হবে না।’সিলেটে প্রথমবারের মতো নারী ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন প্রসঙ্গে মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আহসান হাবীব প্রথম আলোকে বলেন, ‘সিলেটে নারী পুলিশ পর্যাপ্ত আছে। বিভিন্ন স্থানে তাঁরা পুরুষের পাশাপাশি সমান দায়িত্ব নিয়ে কাজ করছেন।’মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ জানায়, নগরের চারটি এলাকা থেকে মূলত শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক যানজট হয়। এতে রাস্তা পারাপারে নানা অসুবিধার মুখে পড়েন অভিভাবকেরা। এ পরিস্থিতি কাটিয়ে নগরের যানজট নিয়ন্ত্রণে রাখতে পরীক্ষামূলকভাবে গতকাল থেকে ১০ জন নারী ট্রাফিকের একটি দল ওই চার এলাকায় দায়িত্ব পালন শুরু করে।সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেটে ট্রাফিক পুলিশের লোকবল অন্যান্য মহানগরের তুলনায় কম। ট্রাফিক সার্জেন্টের ২০টি পদের ১২টি শূন্য। তিনজন ট্রাফিক পরিদর্শক পদের মধ্যে মাত্র একজন আছেন, আর ২০০ ট্রাফিক কনস্টেবল পদের ১০৬টিই শূন্য। যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় ৮৪ জনের দায়িত্ব পালনের সঙ্গে গতকাল থেকে যুক্ত হলো ১০ নারী ট্রাফিক পুলিশ।এ উদ্যোগকে একটি সাহসী আখ্যা দিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেটের সভানেত্রী খুশি চৌধুরী বলেন, ‘রাস্তাঘাটে প্রায়ই দেখা যায়, নারীরা পথ পারাপারে নানা বিড়ম্বনার মুখে পড়েন। এ সময় যদি রাস্তায় নারী ট্রাফিক পুলিশ থাকেন, তাহলে তাঁদের জন্য বিশেষ সুবিধা হয়।’