সিলেটের রেজিস্ট্রারি মাঠ দখলমুক্ত
প্রায় ৩০ বছর আগে থেকে সিলেট নগরের ঐতিহ্যবাহী রেজিস্ট্রারি মাঠের দখল নিয়ে হকাররা ব্যবসা-বাণিজ্য চালিয়ে আসছিলেন। এ নিয়ে প্রায়ই রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও হকারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে আসছিল। মাস দেড়েক আগে উভয় পক্ষের মধ্যে এ রকম একটি সংঘর্ষের ঘটনা ঘটলে সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান বিষয়টি মীমাংসার দায়িত্ব নেন।
বদরউদ্দিন আহমদ পবিত্র ঈদুল ফিতরের আগে দলিল লেখক ও হকারদের নিয়ে সালিস বৈঠকে বসেন এবং হকারদের দখল ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। হকাররাও এতে সাড়া দেন। ঈদ শেষে হকাররা স্বেচ্ছায় মাঠ থেকে স্থাপনা অপসারণ ও মালামাল সরাতে শুরু করেন।
দীর্ঘ সময় পর মাঠের দখল ছেড়ে দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে গতকাল সোমবার দুপুর ১২টায় সম্পন্ন হয়। এ সময় দলিল লেখক ও হকার সমিতির নেতাদের পাশাপাশি বদরউদ্দিন আহমদ কামরান, জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।