অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সিলেটের সংস্কৃতির সুবাস বাংলাদেশ, ভারতসহ পৃথিবীর নানা দেশে ছড়িয়ে পড়েছে। দেশ ও কালের পরিবর্তন হলেও সিলেটিদের সৌহার্দ্য আর সম্প্রীতির বন্ধন ছিন্ন হয়নি। আর এই মর্মার্থ উপলব্ধি করেই আয়োজিত হয়েছে এই উৎসব।
গতকাল শুক্রবার ভারতের কলকাতায় বাংলাদেশের জালালাবাদ অ্যাসোসিয়েশন ও দক্ষিণ কলকাতার সিলেট অ্যাসোসিয়েশন যৌথভাবে আয়োজিত ইন্দো-বাংলা সিলেট উৎসবে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘ইন্দো-বাংলা সিলেট উৎসব ভারত-বাংলাদেশের মৈত্রী বন্ধনকে আরও দৃঢ় করবে। দুই দেশের মানুষের মধ্যে নৈকট্য বাড়াবে।’
উৎসবে যোগ দিতে বাংলাদেশের ১০০ সদস্যের এক প্রতিনিধিদল কলকাতায় গেছে। এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে বাউলসম্রাট শাহ আবদুল করিমের স্মৃতির উদ্দেশে। এতে যোগ দিয়েছেন সংগীতশিল্পী সুবীর নন্দী, সেলিম চৌধুরী, শুভ্র দেব, শাম্মী আখতার প্রমুখ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী প্রমুখ। গতকাল শাহ আবদুল করিমকে নিয়ে শাকুর মজিদ পরিচালিত তথ্যচিত্র ভাটির পুরুষ প্রদর্শিত হয়।