সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল আবার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম রুটে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। হবিগঞ্জ জেলার রমিদপুর স্টেশন এলাকায় আজ রোববার ভোর পাঁচটার দিকে চট্টগ্রামগামী তেলবাহী একটি ট্রেনের ছয়টি ট্যাংকার লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে লাইন থেকে ট্যাংকারগুলো সরিয়ে নিলে বেলা তিনটার দিকে আবার ট্রেন চলাচল শুরু হয়।

সকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর স্টেশনের সহকারী মাস্টার কবির আহমদ বলেন, দুর্ঘটনার পর ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী আন্তনগর পারাবত ট্রেন শায়েস্তাগঞ্জ স্টেশনে আটকা পড়ে। এতে সিলেট থেকে ঢাকার পথে চলাচলকারী আন্তনগর ট্রেন কালনি এক্সপ্রেস ও সিলেট আখাউড়া পথে চলাচলকারী কমিউটার ট্রেন ড্যামুর যাত্রা বাতিল করা হয়। পাশাপাশি চট্টগ্রাম অভিমুখী আন্তনগর ট্রেন পাহাড়িকা কুলাউড়া এবং ঢাকা অভিমুখী আন্তনগর ট্রেন জয়‌ন্তিকা শমশেরনগর স্টেশনে আটকা পড়ে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন।

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মো. আরিফুজ্জামান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আখাউড়া থেকে আসা উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থল থেকে ট্যাংকারগুলো সরিয়ে নিলে বেলা দেড়টার দিকে লাইন ক্লিয়ার হয়। কিন্তু রশিদপুর পাহাড়ি এলাকায় উদ্ধারকারী ট্রেনটির ইঞ্জিনে ত্রুটি ধরা পড়লে উদ্ধারকাজ বিলম্বিত হয়।

মো. আরিফুজ্জামান আরও বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা) মো. মাহবুবুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে।