সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল শুরু
একটানা প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়ে পড়ে। এতে করে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে সিলেট এবং কুলাউড়া থেকে দুটি উদ্ধারকারী গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে লাইনচ্যুত হওয়া দুটি বগি অপসারণ করে। বেলা পৌনে তিনটার দিকে ট্রেন চলাচল আবার শুরু হয়।
সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোর ছয়টা ৪০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পাহাড়িকা যাত্রী নিয়ে আটকা পড়ে। সিলেট থেকেও সকাল ১০টা ১৫ মিনিটের পাহাড়িকা ঢাকায় যেতে পারেনি।
মোগলাবাজারে কর্তব্যরত রেলের ট্রাফিক পরিদর্শক নূরুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, উদ্ধারকাজ শেষ হওয়ার পর বেলা আড়াইটায় স্টেশন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার নির্দেশনা দিলে পৌনে তিনটা থেকে সিলেটের ট্রেন যোগাযোগ সচল হয়।