সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক
টানা সাড়ে ১৪ ঘণ্টা রেল চলাচল বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার মধ্যরাতে ভারী বর্ষণের কারণে সিলেট-আখাউড়া রেলপথের জানকিছড়া রেল সেতুর পাশের ও তলার মাটি সরে পিলারসহ রেলপাত দেবে যায়। সেতুটি ঝুঁকিপূর্ণ হলে বুধবার রাত আড়াইটা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
১৭ জানুয়ারি একই রেল সেতুর মাটি সরে গিয়ে সেতুটির গার্ডার ক্ষতিগ্রস্ত হয়েছিল।
শমশেরনগর স্টেশন মাস্টার আবদুল আজিজ ও শ্রীমঙ্গল স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন বলেন, ১৭ জানুয়ারি এই সেতুর তলার মাটি সরে গেলে প্রথম দফা সেতুর গার্ডার ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বুধবারের ভারী বৃষ্টিতে পাহাড়ি ছড়া থেকে নেমে আসা ঢলের পানির স্রোতে সেতুর পাশের ও তলার প্রচুর পরিমাণে মাটি সরে রেল পাতসহ পিলার দেবে গিয়েছিল। এ অবস্থায় বুধবার রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটমুখী আন্তনগর উদয়ন এক্সপ্রেস শ্রীমঙ্গল আটকা পড়ে। একই রাতে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী জালালাবাদ এক্সপ্রেস ট্রেন কমলগঞ্জের ভানুগাছ স্টেশনে আটকা পড়েছিল। ফলে দুই দিক থেকে আসা রাতের ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়। পরে চট্টগ্রাম অভিমুখী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করে আবারও সিলেটের পথে ফিরিয়ে নেওয়া হয় এবং শ্রীমঙ্গলে আটকা পড়া আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনকে ফিরতি আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস করে চট্টগ্রামের পথে নেওয়া হয়।
শ্রীমঙ্গলের গণপূর্তের (রেল) ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আলী আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেতু সংস্কারে ভোর থেকে অবিরাম কাজ করা হয়। ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে দুই দিকে টানা দিয়ে গার্ডার স্থাপন করে অস্থায়ী রেল সেতু স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় অস্থায়ী সেতু স্থাপন করা শেষ হয়। পরে রেল চলাচল শুরু হয়।