সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারাবত ট্রেনের আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো স্বাভাবিক হয়নি সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলস্টেশনে ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। এ ঘটনার পর থেকে প্রায় আট ঘণ্টা সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। লাইনচ্যুত ইঞ্জিনসহ তিনটি বগি উদ্ধারের কাজ চলছে। আখাউড়া থেকে আসা রিলিফ ট্রেন উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলস্টেশনের কাছে পৌঁছালে ট্রেনটির ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ সময় ট্রেনের ইঞ্জিনেও আগুন ধরে যায়। এ সময় আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেন থেকে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হন। তাঁরা মাধবপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নেন।

শায়েস্তাগঞ্জ রেল জংশনের স্টেশনমাস্টার মোয়াজ্জুল হক প্রথম আলোকে জানান, সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ আছে। সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা আন্তনগর ট্রেনটি শ্রীমঙ্গল রেলস্টেশনে এবং আন্তনগর জয়ন্তিকা হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশনে আটকা পড়েছে। এ ছাড়া চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা ট্রেনটি আটকা পড়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া জংশনে।