সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের ট্রেন চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সোমবার সকাল সোয়া সাতটার দিকে সিলেট-আখাউড়া রেলপথের হবিগঞ্জ জেলার রশিদপুর স্টেশন এলাকায় জ্বালানি তেল পরিবহনের একটি বগি লাইনচ্যুত হয়। বেলা সাড়ে ১১টার দিকে উদ্ধারকারী একটি ট্রেন বগিটি উদ্ধার করার পর দুপুর পৌনে ১২ থেকে ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শমশেরনগর স্টেশন মাস্টার আবদুল আজিজ প্রথম আলোকে জানান, একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে রমিদপুর স্টেশনে রেখে আসে। এরপর দুপুর পৌনে ১২টার দিকে শায়েস্তাগঞ্জ থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়।

ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করে গণপূর্তের (রেল) উপসহকারী প্রকৌশলী আলী আজম খান বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এমন হয়েছে। বগিটি লাইনচ্যুত হওয়ার বিষয় তদন্ত করা হচ্ছে।