সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের ট্রেন চলাচল শুরু
সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। পাহাড়ি ঢলের কারণে আখাউড়া-সিলেট রেলপথের শ্রীমঙ্গল উপজেলাধীন ১৫৭ নম্বর জানকিছড়া রেল সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় আজ সোমবার ভোর পাঁচটা থেকে এ পথে ট্রেন চলাচল বন্ধ ছিল। আজ রাত সাড়ে আটটার দিকে সেতুটি মেরামতের পর আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শমসের নগর স্টেশনের স্টেশন মাস্টার আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জালালাবাদ এক্সপ্রেসটি রাত সাড়ে ৯টার দিকে সেতুটি পার হয়। এ সময় ট্রেনের গতিবেগ ছিল ঘণ্টায় পাঁচ কিলোমিটার।
এর আগে সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকা থেকে সিলেটমুখী আন্তনগর পারাবত এক্সপ্রেস শ্রীমঙ্গল থেকে আবার ঢাকায় ফেরে। এ ছাড়া সিলেট স্টেশনে আটকা পড়ে তিনটি আন্তনগর ও একটি লোকাল ট্রেন। ভোর থেকে গণপূর্তের (রেল) কর্মীরা ক্ষতিগ্রস্ত সেতু মেরামতের কাজ শুরু করে।
শ্রীমঙ্গল স্টেশন সূত্রে জানা যায়, রোববার সারা রাতের ভারী বর্ষণে সোমবার ভোরে পাহাড়ি ঢল নেমে আসার আগেই পৌনে পাঁচটায় চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া সিলেট অভিমুখী আন্তনগর উদয়ন এক্সপ্রেস সেতুটি অতিক্রম করে। এর পর থেকেই ক্ষতিগ্রস্ত সেতুতে ট্রেন চলাচল বন্ধ ছিল।