সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের পাশে আজ বৃহস্পতিবার দুপুরে মালবাহী একটি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে আন্তনগর পাহাড়িকাসহ বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে সিলেটের ছাতকগামী মালবাহী ট্রেন আজ বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশনে পৌঁছে। সেখান থেকে ছাতকের উদ্দেশে রওনা হওয়ার কিছুক্ষণ পরই কলিমনগর এলাকায় বিকট শব্দে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের ব্যবস্থাপক মোয়াজ্জল হক প্রথম আলোকে জানান, সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা সাতগাঁও রেলস্টেশন ও চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা শায়েস্তাগঞ্জ জংশনে আটকা পড়ে আছে। বেশ কয়েকটি মালবাহী ট্রেন এ রুটের বিভিন্ন স্টেশনে আটক পড়েছে বলে রেল বিভাগ সূত্রে জানা গেছে। বিকেলে আন্তনগর পারাবতসহ আরও বেশ কয়েকটি ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে বলে তিনি মনে করছেন।
শায়েস্তাগঞ্জ রেল জংশনের উপপ্রকৌশলী রুহুল আকতার (পথ) জানান, উদ্ধারকাজের জন্য আখাউড়া থেকে রিলিফ ট্রেন আনা হচ্ছে। এ পথে রেল চলাচল স্বাভাবিক হতে আরও পাঁচ-ছয় ঘণ্টা সময় লেগে যেতে পারে বলে তিনি মনে করছেন।