সিলেটের সঙ্গে রেল যোগাযোগ এখনো বন্ধ
আজ শুক্রবার দ্বিতীয় দিনের মতো সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর রাতের টানা ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢলের স্রোতে সিলেট-আখাউড়া রেলপথের হবিগঞ্জ জেলার ইটাখোলা রেলওয়ে স্টেশন এলাকায় একটি রেল সেতুর নিচের মাটি সরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে সকাল আটটা থেকে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ থাকায় বিভিন্ন আন্তনগর ট্রেনের আগাম টিকিটের টাকা ফেরত দিচ্ছে সংশ্লিষ্ট স্টেশনগুলো। দুই দিন ধরে রেল যোগাযোগ বন্ধ থাকায় ও রেল চলাচলের অনিশ্চয়তায় চরম দুর্ভোগে পড়েছেন ট্রেন যাত্রীরা।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখোলা রেলওয়ে স্টেশনের ক্ষতিগ্রস্ত সেতু এলাকায় কর্মরত রেলওয়ের গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী নুরুল আক্তার শুক্রবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত সেতু মেরামত করতে বিঘ্ন হচ্ছে। দ্রুত সময়ে সেতুটি মেরামতে ইতিমধ্যেই শায়েস্তাগঞ্জ, আখাউড়া ও ভৈরব থেকে গণপূর্ত বিভাগের অতিরিক্ত কর্মী এনে কাজ করতে হচ্ছে। প্রাথমিকভাবে কাজটি সহজ মনে হলেও বাস্তবে এ সেতু সংস্কার করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে আরও সময় লেগে যাবে। কবে থেকে ট্রেন চলাচল শুরু হবে তা এখনো বলা যাচ্ছে না বলে তিনি জানান।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক কাজী শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, শুক্রবার বিকেল চারটা পর্যন্ত যাত্রীদের জন্য ট্রেন শিপমেন্ট ( দুই দিকে ট্রেন রেখে যাত্রী পারাপার) করার কোনো সিদ্ধান্ত হয়নি।
এদিকে, বৃহস্পতিবার বিকেল থেকে শ্রীমঙ্গল, ভানুগাছ, শমশেরনগর, কুলাউড়া, মাইজগাঁও ও সিলেট স্টেশন থেকে আগাম সংগ্রহ করা বিভিন্ন আন্তনগর ট্রেনের টিকিটের টাকা ফেরত দিতে শুরু করেন সংশ্লিষ্ট স্টেশন মাস্টাররা। শমশেরনগর স্টেশন মাস্টার কবির আহমদ প্রথম আলোকে বলেন, ট্রেন চলাচলের অনিশ্চয়তায় যাত্রীদের আগাম করে নেওয়া আন্তনগর ট্রেনের টিকিট গ্রহণ করে যাত্রীদের টাকা ফেরত দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার সকাল থেকে দূরপাল্লার অনেক যাত্রী সিলেটসহ বিভিন্ন স্টেশনে এসে আটকা পড়েছেন। অনেকেই টিকিট ফেরত দিয়ে টাকা নিচ্ছেন। অনেকেই আবার স্টেশনের প্ল্যাটফর্মে অবস্থান করছেন।